২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা দল আসছে ৫ সেপ্টেম্বর

নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল ঢাকায় আসছে ৫ সেপ্টেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল ঢাকায় আসছে ৫ সেপ্টেম্বর। বাংলাদেশ ফুটবল ফেডারশেনের (বাফুফে) ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বিমান বাংলাদেশ এয়ারল্যাইন্সের একটি বিমানে করে সকাল সাড়ে ৯ টায় কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছবে লিওনেল মেসির আর্জেন্টিনা।" দলটির ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল। এ কথা জানিয়েছিলেন বাফুফে সভাপাতি কাজী সালাউদ্দিন। তখন তিনি বলেছিলেন, "এ ব্যাপারে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্র"পের (সিএমজি) সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। চুক্তির শর্ত না মানলে তাদের জরিমানা গুনতে হবে।" কিন্তু সংবাদ সম্মেলনে ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান বলেন, "আমাদের মনে রাখতে হবে দলটির নাম আর্জেন্টিনা। আমাদের চাহিদা মতো সবকিছু হবে তা ভাবা ঠিক হবে না।" যানজটের কারণে ফতুল্লা খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে যেতে অসুবিধা হবে বলে সেখানে অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা দল। তাই ৪ সেপ্টেম্বর দলটির নির্ধারিত অনুশীলন বাতিল হয়ে যায়। খেলার মাঠ হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টানা তিনদিন অনুশীলন করা সম্ভব নয় বলে কলকাতা থেকে দু'দিন পর ঢাকায় আসার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনা কোচ আলেজান্দ্রো সাবেলা। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন করবে তার দল। এ প্রসঙ্গে হেলাল বলেন, "আর্জেন্টিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যানজটের কারণে ফতুল্লা যেতে তাদের অনেক সময় নষ্ট হতো।" একই দিন আসছে নাইজেরিয়া দলও। তবে তারা কখন আসবে, বাফুফে কর্মকর্তারা তা সূনির্দিষ্টভাবে বলতে পারেননি। ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান বলেন, "সকাল ৬ থেকে ৮টার মধ্যে নাইজেরিয়া দলের ঢাকায় পৌঁছার কথা।" খেলা হবে ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে। শুরু হবে সন্ধ্যা ৬ টায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৪৫ ঘ.