ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি খেলায় আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি নিজেও খেললেন, খেলালেন পুরো দলকেও।
বার্সেলোনার এই তারকা গোল করতে না পারলেও তারই ছড়ানো আলোয় পথ খুঁজে পেলো আর্জেন্টিনা। মাঠ ছাড়লো তারা ১-০ গোলে জিতে।
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার ৬৭ মিনিটে এন ওতামেন্দ জয়সূচক গোলটি করেন। মেসির কর্নারে 'হেড' করেন মাঝমাঠের এই খেলোয়াড়। ভেনেজুয়েলার গোলরক্ষকের কিছু বুঝে ওঠার আগেই ছোট বক্সের সামনে 'ড্রপ' খেয়ে বল জড়িয়ে যায় জালে।
গোলের প্রথম সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা খেলার ৯ মিনিটে। মেসির বাড়ানো বলের দিকে ছুটে যান অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু তার নিয়ন্ত্রণে নেয়ার আগেই ভেনেজুয়েলার রক্ষণভাগের এক খেলোয়াড় কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করেন।
ঠিক সাত মিনিট পর ভেনেজুয়েলাও চমৎকার একটি সুযোগ পায়। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগে চিড় ধরাতে পারেননি দলের খেলোয়াড়রা।
২৪ মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিল আর্জেন্টিনা। মেসির ডান পায়ের 'মাইনাস' থেকে বল পেয়ে বক্সে ঢুকে তীব্র শট নেন ডি মারিয়া। কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক তা প্রতিহত করেন।
৪৭ মিনিটে বড় একটি বিপদ থেকে রক্ষা পায় আর্জেন্টিনা। ভেনিজুয়েলার আক্রমণভাগের খেলোয়াড় নিকোলাসের অসাধারণ একটি শট আর্জেন্টিনা গোলরক্ষক সিজার গঞ্জালেস কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
পাল্টা আক্রমণ নয়, ৬২ মিসির দুর্দান্ত একটি ফ্রি-কিক পোস্ট ঘেঁসে বাইরে চলে যায়।
চার মিনিট পর বক্সের সামনে থেকে বাঁ পা দিয়ে ভাসিয়ে বল দেন মেসি আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুইনকে। কিন্তু তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।
এবার নিয়ে ১৯৬৭ সালের পর দল দু'টো মুখোমুখি হলো ১৮ বার। আর্জেন্টিনা জিতেছে প্রত্যেকটি খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪০ ঘ.
bdnews24