ঢাকা,সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন থেকে ঝরে পড়ছেন নামিদামি মেয়ে খেলোয়াড়রা। দ্বিতীয় পর্বেই থেমে গেছে অষ্টম বাছাই ম্যারিয়ঁ বারতোলি ও চতুর্দশ বাছাই ডমিনিকা চিবুলকোভার ইউএস ওপেন অভিযান।
আর অসুস্থতার কারণে দ্বিতীয় পর্ব থেকে নাম প্রত্যাহার করে নেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস উইলিয়ামস। ফলে 'ওয়াকওভার' পেয়ে তৃতীয় পর্বে উঠে যান উইম্বলডনের সেমিফাইনাল খেলা জার্মানির সাবিনা লিসিস্কি।
এর আগে প্রথম পর্বে হেরে বিদায় নেন উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা ও ফ্রেঞ্চ ওপেন বর্তমান চ্যাম্পিয়ন চীনের না লি।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ম্যাকহিল ৭-৬ (২) ও ৬-২ গেমে উড়িয়ে দেন ফ্রান্সের বারতোলিকে। এই প্রথম কোনো 'গ্র্যান্ড স্লাম'র তৃতীয় পর্বে খেলবেন ম্যাকহিল। এই মাসের মাঝামাঝি সময় সিনসিনাটি ওপেনে মেয়েদের র্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় ক্যারলিন ওজনিয়াকিকে দ্বিতীয় পর্ব থেকে বিদায় করে দিয়েছিলেন তিনি।
ম্যাকহিলের দেশি ইরিনা ফালকোনি ২-৬, ৬-৩ ও ৭-৫ গেমে জিতে বিদায় করে দেন স্লোভাকিয়ার চিবুলকোভাকে।
তবে তৃতীয় পর্বে খেলা নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা, সামান্তা স্টোসুর, নাদিয়া পেত্রভা ও ভেরা জভোনারেভা।
এদিকে ছেলেদের এককে তেমন কোনো অঘটন এখনো ঘটেনি। নামের প্রতি সুবিচার করেই খেলছেন তারকা খেলোয়াড়রা।
বুধবার দ্বিতীয় পর্ব নিশ্চিত করেন অ্যান্ডি মারে, জুলিয়ান বেনেট, হুয়ান মার্টিন দেল পত্রো, অ্যান্ডি রাডিক, ফিলিসিয়ানো লোপেজ ও জন আইনার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০৬ ঘ.
bdnews24