ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আতলেটিকো মাদ্রিদ থেকে ইন্টার মিলানে যোগ দিয়েছেন দিয়েগো ফোরলান। কিন্তু অর্থ-কড়ির ব্যাপারে মুখ খোলেনি কোনো পক্ষ।
আক্রমণভাগের অভিজ্ঞ এই খেলোয়ারের সঙ্গে ইন্টার চুক্তি করেছে ২০১৩ সালের গ্রীষ্ম পর্যন্ত।
স্যামুয়েল ইতো রাশিয়ার একটি ক্লাবে চলে যাওয়ার পর গুইসেপ্পে মেইয়াজ্জার দল আক্রমণভাগের খেলোয়াড় খুঁজতে নেমে পড়ে দল-বদলের বাজারে। শেষ পর্যন্ত পেয়ে যায় ৩২ বছর বয়সী ফোরলানকে।
এ সপ্তাহের প্রথমদিকে ফোরলান মিলান যান। সে সময় লক্ষ্য অর্জনে ক্লাবটিকে সহায়তা করার কথা বলেন তিনি। ২০০৭ সালে আতলেটিকোয় যোগ দেয়ার আগে ফোরলান ইন্ডিপেন্দিয়েন্তে, ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিলারিয়ালের জার্সি পড়েছিলেন।
এদিকে স্কাই স্পোর্ট টোয়েন্টিফোর জানায়, এক বছরের জন্য ধারে লাজিওর আক্রমণভাগের খেলোয়াড় মাউরো জারাতেকে খেলানো নিয়ে একটি চুক্তিতে প্রায় পৌঁছে গেছে ইন্টার।
এ জন্য লাজিও দুই মিলিয়ন ইউরো নিয়েছে বলে বলাবলি করা হচ্ছে।
লাজিওর সঙ্গে জারাতের চুক্তি রয়েছে ২০১৪ সালের গ্রীষ্ম পর্যন্ত। কিন্তু মিরোস্লাভ ক্লোসা ও জিবরিল যোগ দেয়ার পর প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যাওয়ায় দল ছেড়ে চলে যেতে চান জারাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩২ ঘ.
bdnews24