২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার জয়, অঘটনের শিকার না লি

ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি প্রথম পর্বের বাধা টপকে গেলেও পারেননি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন না লি। রোমানিয়ার সিমোনা হালেপের কাছে অঘটনের শিকার হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2011, 01:04 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামস ও ক্যারোলিন ওজনিয়াকি প্রথম পর্বের বাধা টপকে গেলেও পারেননি ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন না লি। রোমানিয়ার সিমোনা হালেপের কাছে অঘটনের শিকার হন তিনি। ছেলেদের এককে জিতেছেন জিতেছেন রাফায়েল নাদাল। র‌্যাঙ্কিংয়ের ৯৮ নম্বর খেলোয়ার কাজাখস্তানের আন্দ্রে গলুবভের বিপক্ষে তিনি সহজেই জিতবেন বলে ধরে নেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রচণ্ড লড়াই করে জিততে হয়েছে তাকে। গলুবভকে হারান তিনি ৬-৩, ৭-৬ (১) ও ৭-৫ গেমে। ফ্লাশিং মিডোয় মঙ্গলবার রাতে সার্বিয়ার বোয়ানা জভানোভস্কিকে স্রেফ উড়িয়ে দেন সেরেনা। তাকে হারাতে সময় নেন মাত্র ৫৬ মিনিট। জেতেন ৬-১ ও ৬-১ গেমে। তারপরও পুরোপুরি সন্তুষ্ট নন সেরেনা। তিনি বলেন, "আমার আরো আক্রমণাত্মক খেলা উচিত ছিল।" স্পেনের নুরিয়া লাগোসতেরা ভিভসকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় পর্বে ওঠেন ওজনিয়াকি। দ্বিতীয় পর্বে তিনি খেলবেন নেদারল্যান্ডসের আরান্টক্সা রুস অথবা রাশিয়ার এলনা ভেসনিনার সঙ্গে। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন না লি ৬-২ ও ৭-৫ গেমে হার মানেন হালেপের কাছে। বিজয়ের মধ্য দিয়ে ২৯ বছর বয়সী না লির বছরটা শুরু হয়েছিল। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে ভাগ্যদেবী যেন মুখ ফিরিয়ে নিয়েছেন তার উপর থেকে। তার কাছে ধরাই দিতে চাইছে না জয়। খেলা শেষে না লি বলেন, "আমি আমার সব আস্থা হারিয়ে ফেলেছি। কোর্টে নামলেই মনে হয়, টেনিস আমার জন্য খুব কঠিন একটা খেলা।" না লি প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে ওঠেন অস্ট্রেলিয়ান ওপেনে। জেতেন ফ্রেঞ্চ ওপেন। কিন্তু এরপর থেকে পরপর দুই খেলায় জেতেন তিনি একবারই। প্রতিযোগিতা থেকে এরই মধ্যে বিদায় নিয়েছেন উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কভিতোভা। আর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স আহত থাকায় খেলতে পারছেন না প্রতিযোগিতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৫ ঘ.