২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি জাদুতে নাকাল ভিলারিয়াল

ভিলারিয়ালকে পাঁচ গোলে হারিয়ে এই মৌসুমে লিগে নিজেদের উদ্বোধনী খেলায় রীতিমত গোল উৎসব করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই সঙ্গে অক্ষত রেখেছে নিজেদের জাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিলারিয়ালকে পাঁচ গোলে হারিয়ে এই মৌসুমে লিগে নিজেদের উদ্বোধনী খেলায় রীতিমত গোল উৎসব করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই সঙ্গে অক্ষত রেখেছে নিজেদের জাল। লিগে বার্সার প্রধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ আগের দিন জারাগোজার জালে বল জড়িয়েছে ছয়বার। ওই ম্যাচ দেখেই হয়তো নিজেদের অনুপ্রাণিত করেছিলেন মাত্র তিনদিন আগে পোর্তোকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জেতা পেপ গর্দিওলার শিষ্যরা। 'ক্যাম্প ন্যু' তে সোমবার লিগের একমাত্র খেলায় ভিলারিয়ালকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে ওঠেন মেসি ও তার সতীর্থরা। এদিন ৩-৪-৩ বিন্যাসে দল সাজিয়েছিলেন গর্দিওলা। যদিও সাময়িক নিষেধাজ্ঞা ও চোটের কারণে রক্ষণভাগের নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড়কে এই ম্যাচে পাননি তিনি। তবে রক্ষণের দায়িত্বে থাকা এরিক আবিদাল, হ্যাভিয়ের মাসচেরানো ও সার্জিও বুরগোস নিজেদের কাজটা ভালোভাবেই সামলেছেন। খেলার ২৫ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন মাঝমাঠের খেলোয়াড় থিয়াগো। মাঝমাঠে সেস ফ্যাব্রেগাসের কাছ থেকে বল পেয়ে এক দৌড়ে তা নিয়ে ঢুকে পড়েন ভিলারিয়ারের রক্ষণভাগে। বক্সের বাঁ-প্রান্ত থেকে নেয়া তার দূর্দান্ত শট গোল পোস্টের ডান প্রান্ত ঘেঁষে জালে আশ্রয় নেয়। প্রধমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে ব্যবধান বাড়ান মাঝমাঠের খেলোয়াড় ফ্যাব্রেগাস। বক্সের মধ্যে লিওনেল মেসির কাছ থেকে পাওয়া চমৎকার বলটি দারুণ দক্ষতায় তিনি জালে পাঠিয়ে দেন। ৪৭ মিনিটে বার্সার আক্রমণভাগের খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ তে। উদিনেস ছেড়ে এই মৌসুমে বার্সায় যোগ দিয়েছেন তিনি। বিরতি পর খেলতে নেমেই বল ধরে ডান প্রান্ত দিয়ে দ্রুতগতিতে সামনের দিকে ছুটতে থাকেন সানচেজ। গোলমুখের সামনে এসে সতর্কতার সঙ্গে বলটি 'প্লেস' করে তা ঠেলে দেন জালে। বাকি সময়টা শুধুই মেসির। এই মৌসুমেও রোনালদোর সঙ্গে তার শীর্ষ গোলদাতা হওয়ার লড়াইটা যে বেশ জমজমাট হবে তা তিনি বুঝিয়ে দেন প্রথম ম্যাচেই। ৫২ মিনিটে ভিলারিয়ালের বক্সের মধ্যে আন্দ্রে ইনিয়েস্তার কাছ থেকে বল পেয়ে আগুয়ান গোলরক্ষক লোপেজকে পেছনে ফেলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন তিনি। খেলার ১৫ মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন মেসি। ১১ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় খেলায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। একই দিন সেভিয়ার বিপক্ষে খেলবে ভিলারিয়াল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮০০ ঘ.