২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে নাকাল করে ছাড়লো ম্যান ইউ

ওয়েন রুনির হ্যাট্রিকের সুবাদে প্রিমিয়ার লিগে ১০ জনের আর্সেনালকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির হ্যাট্রিকের সুবাদে প্রিমিয়ার লিগে ১০ জনের আর্সেনালকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৮৯৬ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৮ গোল হজম করলো আর্সেনাল। লিগে এটাই আর্সেনালের সবচেয়ে জঘন্য হার। এর আগে প্রতিপক্ষের মাঠে ৭-০ গোলে হারে তারা চারবার। রুনি ছাড়াও ম্যান ইউ'র পক্ষে গোল করেন ড্যানি ওয়েলব্যাক, অ্যাশলে ইয়ং, ন্যানি ও পার্ক জি সুং। আর্সেনালের পক্ষে দুই গোল শোধ করেন থিও ওয়ালকট ও রবিন ভ্যান পার্সি। সেস ফেব্রেগাস বার্সেলোনায় ও সামির নাসরি ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যাওয়ায় আর্সেনাল যে বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে খেলায়। আগের খেলায় নিজেদের মাঠে লিভারপুলের কাছে হারার পর এবার ম্যান ইউ'র কাছে গুনে গুনে আট গোল খেলো প্রিমিয়ার লিগের সুপার ফোরের অন্যতম দল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। নিজেদের মাঠে শুরু থেকেই আর্সেনালকে চেপে ধরে ম্যান ইউ। গোল পেয়ে যায় ২২ মিনিটে। বারবাতোভের মতো খেলোয়াড়কে বসিয়ে রেখে স্যার আলেক্স ফার্গুসন কেন ওয়েলব্যাকের উপর নির্ভর করছেন তার প্রমাণ তিনি দিচ্ছেন যেন প্রতি খেলায়। ছয় মিনিট পর ব্যবধান বাড়ান করে অ্যাশলে ইয়াং। দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আর্সেনাল। একটি পেনাল্টিও আদায় করে নেয় তারা। কিন্তু পার্সির দুর্বল শট ফিরিয়ে দিতে ম্যন ইউর গোলরক্ষকের কোনো কষ্টই হয়নি। খেলার ৪১ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান রুনি। ম্যান ইউ এগিয়ে যায় ৩-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান (৩-১) কমান থিও ওয়ালকট। দ্বিতীয়ার্ধে আর্সেনালকে একেবারে কোণঠাসা করে ফেলে ম্যান ইউ। ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন রুনি। কাকে ছেড়ে কাকে আটকাবে, এ সময় যেন বুঝতেই পারছিলেন না আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড়রা। তিন মিনিট পর ন্যানি গোল করে দলকে আরো নিরাপদ জায়গায় নিয়ে যান। ম্যান ইউ এগিয়ে যায় ৫-১ গোলে। দলীয় ৭০ মিনিটে বদলি খেলোয়াড় পার্ক জি সুংও নাম লেখান গোলদাতাদের তালিকায়। পেনাল্টি থেকে গোল করতে না পারলেও ৭৪ মিনিটে ব্যবধান (৬-২) কমান পার্সি। দু'বার হলুদ কার্ড দেখায় ৭৬ মিনেটে মাঠ ছাড়তে বাধ্য হন আর্সেনালের জিনকিনসন। ৮১ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন রুনি। অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠোকেন ইয়াং। এ জয়ের ফলে গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার উইনাইটেড। তিন খেলায় দুই দলেরই পয়েন্ট ৯। সমান খেলায় লিভারপুল ও চেলসির পয়েন্ট ৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। ২ খেলায় কোনো পয়েন্ট না পাওয়া টটেনহাম শূন্য পয়েন্ট নিয়ে রয়েছে সব দলের নিচে। এর আগে প্রথম খেলায় ম্যান ইউ'র কাছে তারা হারে ৩-০ গোলে। আর ৩ খেলায় এক পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে ১৭ নম্বরে। দিনের অন্য খেলায় ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে টটেনহাম হটস্পার, চেলসি ৩-১ গোলে নরউইচ সিটি ও লিভারপুল ৩-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩২৭ ঘ.