ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম খেলায় জারাগোজাকে নাকানি-চুবানি খাইয়ে ছেড়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাট্রিকসহ গোল দিয়েছে ৬টি। পক্ষান্তরে অক্ষত ছিল নিজেদের জাল।
রোববার ছিল ইউরোপের ক্লাব ফুটবলে গোল উৎসবের দিন। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে যেমন ছিলো গোলের ছড়াছড়ি, তেমনি গোল বন্যায় ভেসেছে স্পেনও।
অপেক্ষাকৃত দুর্বল দল জারাগোজাকে নিয়ে এই ম্যাচে রীতিমত ছেলেখেলায় মেতে ওঠে হোসে মরিনহোর খেলোয়াড়রা। গোল উৎসবের শুরুটা করেন রোনালদো। খেলার ২৪ মিনিটে মেসুত ওজিলের কাছ থেকে বল পান রোনালদো। এরপর প্রচণ্ড শট নেন তিনি ১২ গজ দূর থেকে। বলের গতি এত বেশি ছিল যে তা আটকানোর কোনো সুযোগই পাননি জারাগোজা গোলরক্ষক রবার্তো।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন রক্ষণভাগের খেলোয়াড় মার্সেলো। সার্জিও র্যামোস ডান প্রান্ত দিয়ে বল নিয়ে উপরে উঠে ঠেলে দেন অরক্ষিত মার্সেলোকে। বল জালে জড়াতে কোনো ভুল করেননি তিনি।
খেলার ৫৩ মিনিটে ব্যবধান আরো বাড়তে পারতো। ২৫ গজ দূর থেকে রোনালদোর শট কোনো রকমে ফিরিয়ে দেন রবার্তো। তবে বল ধরে রাখতে পারেননি এবং বল গিয়ে পড়ে অ্যাঞ্জেল ডি মারিয়ার পায়ে। মাত্র ৬ গজ দূর থেকে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি।
তবে তৃতীয় গোলের জন্য খুব একটা সময় নেয়নি রিয়াল। ৬৪ মিনিটে গোল করেন জাভি অ্যালোনসো।
৭১ মিনিটে আবারো রোনালদো। জারাগোজার মাঝমাঠের খেলোয়াড় অ্যাঞ্জেল লাফিতার সঙ্গে বল দখলের লড়াইয়ে জেতেন মার্সেলো। তিনি বল দেন বেজেমাকে। এরপর ডি মারিয়ার পা ঘুরে বল গিয়ে পড়ে বক্সে দাঁড়ানো রোনালদোর পায়ে। অপেক্ষা না করে সরাসরি বল পাঠিয়ে দেন তিনি জালে। এটি ছিল তার দ্বিতীয় ও দলের চতুর্থ গোল।
এ রকম একটি খেলায় ব্রাজিলের তারকা কাকাই বা খালি হাতে ফিরবেন কেনো! বদলি হিসেবে নেমে ৮২ মিনিটে মৌসুমে নিজের প্রথম গোলটি করে জানান দেন তিনি ফুরিয়ে যাননি।
চার মিনিট পর নিজের হ্যাট্রিক পূরণ করেন রোনালদো। লিগে নিজের শেষ পাঁচ খেলায় ১৪টি গোল করলেন পর্তুগালের এই ফুটবলার।
দিনের অন্যান্য খেলায় সেভিয়া ২-১ গোলে হারায় মালাগাকে। আতলেটিকো মাদ্রিদ ও ওসাসুনার খেলাটি গোলশূন্য এবং অ্যাথলেটিক বিলবাও-রায়ো ভালেকানো খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে।
সোমবার নিজেদের প্রথম খেলায় চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হবে ভিলারিয়ালের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫১৭ ঘ.
bdnews24