ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েন রুনির হ্যাট্রিকের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় ১০ জনের আর্সেনালকে ৮-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
১৮৯৬ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ৮ গোল হজম করল আর্সেনাল। লিগে এটাই আর্সেনালের সবচেয়ে বড় পরাজয়। এর আগে চারবার অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে হারে তারা।
রুনি ছাড়াও ম্যান ইউর পক্ষে গোল ড্যানি ওয়েলব্যাক, অ্যাশলে ইয়ং, ন্যানি ও পার্ক জি সুং। আর্সেনালের পক্ষে দুটি গোল শোধ করেন থিও ওয়ালকট ও ৭ রবিন ভ্যান পার্সি।
দল বদল করে সেস ফেব্রেগাস বার্সেলোনায় ও সামির নাসরি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ায় অনেকটাই শক্তি হারিয়েছে আর্সেনাল। আগের ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের কাছে হারের পর এবার ম্যান ইউ'র কাছে গুনে গুনে আট গোল খেল প্রিমিয়ার লিগের সুপার ফোরের অন্যতম দল আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল।
নিজেদের মাঠে শুরু থেকেই আর্সেনালের উপর চাপ সৃষ্টি করে ম্যান ইউ। গোল পেতেও বেশি দেরি হয়নি ২২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন ড্যানি ওয়েলব্যাক। বারবাতোভের মতো স্ট্রাইকারকে বসিয়ে রেখে কেন স্যার আলেক্স ফার্গুসন ওয়েলব্যাকের উপর নির্ভর করছেন তার প্রমাণ তিনি প্রতি ম্যাচেই দিচ্ছেন।
ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে অ্যাশলে ইয়ং। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যান ইউর রক্ষণভাগের উপর বেশ চাপ সৃষ্টি করে আর্সেনাল। এ সময় একটি পেনাল্টিও আদায় করে নেয় তারা। কিন্তু পার্সির দুর্বল শট ফিরিয়ে দিতে ম্যন ইউর গোলরক্ষকের কোনো কষ্টই হয়নি। পেনাল্টি থেকে পার্সি গোল পেলে খেলার ফল অন্যরকমও হতে পারতো।
খেলার ৪১ মিনিটের মাথায় ফ্রিকিক থেকে গোল করে ব্যবধান আরো বাড়ান রুনি। ম্যান ইউ এগিয়ে যায় ৩-০ গোলের ব্যবধানে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান (৩-১) কমান থিও ওয়ালকট।
দ্বিতীয়ার্ধে আর্সেনালকে আরো বেশি চাপে ফেলে ম্যান ইউ। ৬৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন রুনি। কাকে ছেড়ে কাকে আটকাবে বুঝতেই পারেনি আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড়রা।
তিন মিনিট পর ন্যানি গোল করে দলকে আরো নিরাপদ জায়গায় নিয়ে যান। ম্যান ইউ এগিয়ে যায় ৫-১ গোলে। দলীয় ৭০ মিনিটের মাথায় বদলী নামা পার্ক জি সুংও নাম লেখান গোলদাতাদের তালিকায়।
পেনাল্টি থেকে গোল না পেলেও পার্সি ৭৪ মিনিটের মাথায় গোল করে ব্যবধান (৬-২) কমান। দুই হলুদ কার্ড দেখে ৭৬ মিনেটের মাথায় মাঠ ছাড়েন আর্সেনালের জিনকিনসন। ৮১ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন রুনি। অতিরিক্ত সময়ে (৯২ মিনিট) নিজের দ্বিতীয় গোলটি করে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইয়াং।
এ জয়ের ফলে গোল ব্যবধানে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার উইনাইটেড। তিন খেলা শেষে দুই দলেরই পয়েন্ট ৯ করে। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে চেলসিকে পেছনে ফেলে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। দুই দলেরই পয়েন্ট ৭ করে।
২ খেলায় কোনো পয়েন্ট না পাওয়া টটেনহাম শূন্য পয়েন্ট নিয়ে রয়েছে সবার শেষে। এর আগে প্রথম খেলায় ম্যান ইউ'র কাছে তারা হারে ৩-০ গোলে। আর ৩ খেলায় এক পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে সতের নম্বরে।
দিনের অন্য খেলায় ম্যানচেস্টার সিটি ৫-১ গোলে টটেনহাম হটস্পার, চেলসি ৩-১ গোলে নরউইচ সিটি ও লিভারপুল ৩-১ গোলে বোল্টন ওয়ান্ডারাসকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৭ ঘ.
bdnews24