ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববাসীকে হতাশ করলেন জ্যামাইকার তারকা দৌড়বিদ উসাইন বোল্ট। সবাই ধরে নিয়েছিলেন, নিজের গড়া রেকর্ড ভেঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার দৌড়ে সোনা জিতবেন তিনি। অথচ 'ফলস স্টার্ট'র করণে বাদ দেয়া হলো তাকেই।
শেষ পর্যন্ত এই ইভেন্টের সোনা অবশ্য জ্যামাইকাতেই গেছে। রোববার ৯.৯২ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জেতেন ইয়োহান ব্লেক। এই প্রথম তিনি এই ইভেন্টে সোনা জিতলেন।
যুক্তরাস্ট্রের ওয়াল্টার ডিক্স ১০.০৮ সেকেন্ডে দৌড় শেষ করে জেতেন রুপা। এছাড়া ১০.০৯ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন কিম কলিন্স ও নেভিস।
এই ইভেন্টে বোল্টের গড়া বিশ্ব রেকর্ড হচ্ছে ৯.৫৮ সেকেন্ড। ২০০৯ সালে বার্লিনে তিনি ওই রেকর্ড গড়েন।
ইভেন্ট শেষে বোল্টের চোখে-মুখে ছিল রাগের চিহ্ন। সাংবাদিকদের তিনি জিজ্ঞাসা করেন, "চোখের পানি খুঁজছেন? তেমন কিছুই ঘটছে না। আমি ঠিক আছি।"
তবে 'ফলস স্টার্ট'র জন্য বোল্টকে বাদ দেয়া মেনে নিতে পারেননি রুপা জয়ী ডিক্স। বলেন, "আমি ভাবতেই পারিনি তারা সত্যিই তাকে (বোল্ট) বাতিল ঘোষণা করতে যাচ্ছে।" এরপর তিনি প্রশ্ন রাখেন, "কিভাবে আপনি তাকে বাদ দেন?"
সব সময় ঘড়ির কাটকে হারিয়ে আসছেন বোল্ট। অথচ এবার তিনি তাতো পারলেনই না, উল্টো 'স্টার্টিং গানকে' হারিয়ে দেন। মাত্র তিন পা যাওয়ার যাওয়ার পরই ভুলটা বুঝতে পারেন তিনি। তার মুখ আদিম আর্তনাদে বিকৃত হয়ে ওঠে। হতাশায় ভেঙ্গে পড়া বোল্ট খুলে ফেলেন নিজের শার্ট। কাউকে বলতে হয়নি জীবনের বড় ভুলগুলোর একটি করে বসে আছেন তিনি।
এরপরই লাল কার্ড দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সাইড লাইনে।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে রেকর্ড গড়ে তিনটি সোনা জেতেন বোল্ট। ৯.৬৯ সেকেন্ডে ১০০ মিটার. ১৯.৩০ সেকেন্ডে ২০০ মিটার ও দলীয়ভাবে ৪ী১০০মিটার রিলে রেস শেষ করেন ৩৭.১০ সেকেন্ডে।
বোল্টকে নিয়ে অবশ্য আলোচনার ঝড় ওঠে ২০০৯ সালে। বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার ও ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড় শেষ করে নিজের গড়া রেকর্ড নতুন করে লেখান তিনি।
বোল্টই একমাত্র দৌড়বিদ, যিনি একই সঙ্গে ১০০ ও ২০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক রেকর্ডের অধিকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১৪৫ ঘ.
bdnews24