ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগে শনিবার নরওইচ সিটির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে চেলসি। দলের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেই গোল করেন হুয়ান মাতা।
দিনের অন্যান্য খেলায় এভারটন ১-০ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, উইগ্যান অ্যাথলেটিক ২-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ও লিভারপুল ৩-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে। এছাড়া অমীমাংসিতভাবে শেষ হয়েছে অ্যাস্টন ভিলা ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স এবং সোয়ানসি সিটি ও সান্দারল্যান্ডের খেলা। দু'টি খেলার কোনোটিতেই গোল হয়নি।
স্ট্যাম্পফোর্ড ব্রিজে খেলার ৬ মিনিটে হোসে বোসিঙ্গোয়ার দূর পাল্লার শটে এগিয়ে গেলেও একচেটিয়া দাপট দেখাতে পারেনি চেলসি। গোল খেয়েই খেলায় প্রাণ ফিরিয়ে আনে নরওইচ। ফলে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে খেলা। স্টেডিয়ামে উপস্থিত ৪১ হাজার ৭৬৫ দর্শক উপভোগ করেন চোখ ঝলসানো ফুটবল।
কিন্তু খেলার শেষদিকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলের পর থেকে সারা মাঠে ছিল কেবল ব্লুজদের আধিপত্য। বলতে গেলে নরওইচের খেলোয়াড়দের খুঁজেই পাওয়া যায়নি।
এর আগে ৬৩ মিনিটে নরউইচকে খেলায় ফিরিয়ে আনেন গ্রান্ট হল্ট। নরউইচের এক খেলোয়াড় আড়াআড়িভাবে বল ফেলেন চেলসির বক্সে। আগেভাগে তা ধরতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসেন গোলরক্ষক হেনরিক হিলারিও। কিন্তু পারেননি। বল চলে যায় হল্টের কাছে। চেলসির অরক্ষিত জালে বল পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
খেলার ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ল্যাম্পার্ড।
নরউইচের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মাতা, খেলা শেষের বাঁশি বাজার ঠিক আগে আগে। দিদিয়ের দ্রগবা আহত হয়ে মাঠ ছাড়ায় তার বদলি হিসেবে ৬৮ মিনিটে খেলতে নামেন ভালেন্সিয়া থেকে গত সপ্তাহে চেলসিতে যোগ দেয়া মাতা। নরউইচের রক্ষণভাগের খেলোয়াড়দের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে আদায় করে নেন দলটির হয়ে তার প্রথম গোল। বল জালে জড়িয়েই ছুটে যান দর্শকদের দিকে। নতুন ভক্তদের উৎসবে মাতিয়ে উদ্যাপন করেন তিনি তার নতুন দলের হয়ে প্রথম গোলটি।
এ সপ্তাহে নতুন চেলসিতে যোগ দেয়া রোমেলু লুকাকুকেও খেলানো হয় বদলি হিসেবে। ফার্নান্দো তোরেসের জায়গায় খেলতে নামেন তিনি ৮৩ মিনিটে।
লিভারপুল ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। তৃতীয় উলভারহ্যাম্পটনেরও পয়েন্ট ৭। গোল ব্যবধানই গড়ে দিয়েছে এই পার্থক্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৬ ঘ.
bdnews24