২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের অনুশীলনের টিকেট বিক্রি রোববার থেকে

মেসিদের অনুশীলনের টিকেট বিক্রি রোববার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসিদের অনুশীলনের টিকেট বিক্রি রোববার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল শনিবার সাংবাদিকদের বলেন, "অনুশীলনের মাঠ অবশ্য এখনো ঠিক হয়নি। তবে ফতুল্লার খান সাহেব এম ওসামান আলী স্টেডিয়াম কিংবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা দল অনুশীলন করতে পারে।" "আপাতত টিকেট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, পরে মাঠের নাম জানিয়ে দেয়া হবে," বলেন হেলাল। অনুশীলনের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে। গ্যালারি এক হাজার এবং ভিআইপি গ্যালারির টিকেটের দাম ধরা হয়েছে ৫ হাজার টাকা। অনুশীলনের টিকেট বিক্রি করছে আপন কমিউনিকেশন্স। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুহুল আমিন বলেন, "টিকেটের জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে ছয়-সাত হাজার টিকেটের জন্য 'বুকিং' দেয়া হয়েছে। আশা করছি, সব টিকেট বিক্রি হয়ে যাবে।" টিকেট বিক্রি হবে বসুন্ধরা গার্ডেন সিটি এবং অ্যাগোরার সব শাখায়। মেসিদের অনুশীলন করার সম্ভাবনা বেশি বঙ্গবদ্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে তা। যেতে সময় বেশি লাগে বলে ফতুল্লা স্টেডিয়াম সম্পর্কে আর্জেন্টিনার অগ্রবর্তী প্রতিনিধি দল কিছুটা হলেও নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনী খেলায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবে আর্জেন্টিনা। ৪ সেপ্টেম্বর আসবে নরাইজেরিয়া দল। এর আগে ২ সেপ্টেম্বর কলকতায় আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৪০ ঘ.