ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক দশক পর একত্রিত হয়ে ঝলক দেখিয়েই চলেছেন লিওনেল মেসি ও সেস ফ্যাব্রেগাস। তাদের দুই গোলের সুবাদে শুক্রবার এফসি পোর্তোকে ২-০ তে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জিতে নিয়েছে বার্সেলোনা। শেষ পর্যন্ত অবশ্য ৯ জনের দলে পরিণত হয়েছিল পোর্তো।
আগের দিন ইউরোপ সেরা হওয়ার মর্যাদা রাখেন মেসি মোনাকোয়, খেলার ৩৯ মিনিটে। বক্সের মধ্যে ভুল করে বসেন পোর্তোর মাঝমাঠের খেলোয়াড় ফ্রেডি গুয়ারিন। 'ব্যাক-পাস' দেন তিনি দলের এক খেলোয়াড়কে। কিন্তু বল পেয়ে যান মেসি। গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। সেই সঙ্গে দল এগিয়ে যায় ১-০ গোলে।
৮৮ মিনিটে আবারো মেসি। তবে এবার গোল দেননি, গোলের জন্য বল বানিয়ে দেন ফ্যাব্রেগাসকে। আর ফ্যাব্রেগাসও দলের জয় নিশ্চিত করতে কোনো ভুল করেননি।
এর আগেই অবশ্য দশজনের দলে পরিণত হয় পোর্তো। ৮৬ মিনিটে মেসিকে ফাউল করায় পোর্তোর রক্ষণভাগের খেলোয়াড় রোনালদো দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। এতে ফ্যাব্রেগাস ও মেসির কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল। জায়গা বানিয়ে খেলার সুযোগ পান তারা।
চার মিনিট পর হ্যাভিয়ের মাসচেরানোকে ফাউল করায় রেফারি সরাসরি লাল কার্ড দেখান গুয়ারিনকে।
এই জয়ের ফলে বার্সেলোনার কোচ হিসেবে অন্য রকম উচ্চতায় উঠে গেলেন পেপ গার্দিওলা। মাত্র চার মৌসুমে জিতলেন ১২টি ট্রফি। সেই সঙ্গে টপকে গেলেন ওলন্দাজ য়োহান ক্রুইফকে। তিনি জিতেছিলেন ১১টি ট্রফি।
এতে গার্দিওলাও খুব খুশি, তিনি তা গোপনও করলেন না। বরং নিজের কাজে নিজেই বিস্ময় প্রকাশ করলেন, "পনেরোটি শিরোপার মধ্যে ১২টি জয়। বছরে চারটি করে-অনেক বেশি, একেবারে অকল্পনীয়!" এ জন্য গার্দিওলা যে কাজটি সবসময় করে আসছেন, এবারও তার ব্যতিক্রম হলো না। সব কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৪০ ঘ.
bdnews24