ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৃঙ্খলা ভাঙ্গার অভিযোগে স্পেনের ফুটবল ফেডারেশন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর বিপক্ষে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। কোচিং জীবনের এমন কঠিন মুহূর্তে সমর্র্থক ও খেলোয়াড়দের পাশে পাচ্ছেন তিনি।
ঘটনার সূত্রপাত ১৭ অগাস্ট। সুপার কাপের ফিরতি পর্বের ফাইনাল খেলার এক মুহূর্তে বার্সেলোনা ও রিয়ালের খেলোয়াড়রা হাতাহাতিতে লিপ্ত হন। হঠাৎই দেখা যায়, মরিনহো এগিয়ে গিয়ে বার্সার সহকারী কোচ টিটো ভিলানোভার চোখে আঙ্গুল মেরে চুপ করে নিজের জায়গায় ফিরে আসেন।
কেউ টের না পেলেও টেলিভিশন ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি স্পেশাল ওয়ান। এ ঘটনা নিয়ে ফুটবল বিশ্বে অনেক জল ঘোলা হয়েছে। সমালোচনার ঝড় বইছে মরিনহোর ওপর। তার মতো উঁচু দরের কোচ এমন জঘন্য কাজ কিভাবে করলো, এটাই ছিল আলোচনার বিষয়বস্তু।
সরাসরি না বললেও মরিনহো ইঙ্গিত করেছেন, ভিলানোভা ট্যানেলে মাঠের প্রবেশের মুখে বা বিরতির সময় ঢোকার মুখে তাকে খারাপ কিছুই বলেছেন। যার জের ধরে এমন কাজ করতে বাধ্য হয়েছেন মরিনহো। এরই মধ্যে রিয়াল ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
বুধবার ভক্তরা মরিনহোর প্রতি সমবেদনার দেখালেন, ভালবাসার বৃষ্টিপাত করলেন। গ্যালাতাসারের বিপক্ষে ব্যার্নেব্যু কাপের ফাইনালে রিয়াল জিতলো ২-১ গোলে। সমর্থকরা সেই ম্যাচে হাজির হয় প্লাকার্ড নিয়ে। একজনের হাতে লেখা ছিল, "মরিনহো, তোমার আঙ্গুল আমাদের সঠিক দিকের নির্দেশনা দিয়েছে।"
আরেক পাগল সমর্থক লিখেছে, "স্পেশাল ওয়ান, আমরা তোমার সঙ্গে আছি। অপর সমর্থক এক কাঠি সরস, "দেখা যাক, কোন চালাক মানুষ নিজে থেকে তার চোখ মরিনহোর আঙ্গুলের নিচে রেখে দেয়।"
খেলোয়াড়রাও কম যান না। গ্যালাতাসারের সঙ্গে খেলা শেষ হওয়ার পর সার্জিও রামোস বলেন, "দলের পূর্ণ সমর্থন মরিনহোর সঙ্গে আছে। তার নেতৃত্বেই দলটি চলছে। তিনি যা বলবেন, আমরা তাই করবো।"
অ্যাঙ্গেল ডি মারিয়ার বক্তব্য, "ওই খেলায় যা হয়েছে তা এখন অতীত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ
bdnews24