২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল, নতুন মুখের সন্ধানে ওয়েঙ্গার

উদিনেসকে হারিয়ে টানা ১৪ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্সেনাল। কোচ আর্সেন ওয়েঙ্গারের বিবর্ণ মুখে অবশেষে তাই হাসি দেখা মিললো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদিনেসকে হারিয়ে টানা ১৪ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্সেনাল। কোচ আর্সেন ওয়েঙ্গারের বিবর্ণ মুখে অবশেষে তাই হাসি দেখা মিললো। ওয়েঙ্গারের বিবর্ণ মুখের কারণ তার সুখের ঘরে ভাঙ্গনের সুর বাজছিল। সেস ফ্যাব্রেগাসের পথ অনুসরণ করে সামির নাসরির বিদায়, মৌসুমের শুরুতেই লিভারপুলের কাছে ২-০ গোলের হার; সব মিলে একেবারে যাচ্ছে তাই অবস্থা যাকে বলে। তবে বুধবার চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের ফিরতি খেলায় উদিনেসেকে ২-১ গোলে হারায় গানার্সরা। প্রথম ও ফিরতি দুই খেলা মিলে ৩-১ গোলে এগিয়ে থেকে আবারো ইউরোপের সেরা ক্লাবের শ্রেষ্ঠত্বের আসরে হাজির ওয়েঙ্গারের দল। তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা দল নিয়ে উদিনেসের মতো দলের সঙ্গেই জয় সম্ভব, ম্যানচেস্টার ইউনাইটেড বা চেলসির সামনে যে হাবুডুবু খেতে হবে; এ কথা অজানা নেই ওয়েঙ্গারেরও। তাই নতুন মুখের সন্ধানে নেমেছেন এই কোচ। অগাস্টের দলবদলের বাজার বন্ধ হতে খুব বেশি দেরি নেই। নেই অর্থের অভাবও। চ্যাম্পিয়ন্স লিগে ওঠা এবং ফ্যাব্রেগাস-নাসরিকে বিক্রি করে প্রাপ্ত অর্থ যোগ করলে আর্সেনালের ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়ার কথা। লিলির মাঝমাঠের খেলোয়াড় ইডেন হাজার্ড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের স্কট পার্কার, ব্ল্যাকবার্ন রোভার্সের রক্ষণস্তম্ভ ক্রিস সাম্বা ও বোল্টন ওয়ান্ডারার্সের গ্যারি কাহিলের উপর চোখ পড়েছে আর্সেনালের-স্পেন ও ব্রিটেনের প্রচার মাধ্যম এমনটাই দাবি করছে। উদিনেসের বিপক্ষে জেতার পর ওয়েঙ্গার বলেন, "আমরা চেষ্টা করছি নতুন খেলোয়াড়দের দলে ঢোকাতে। না, আমি কারো নাম বলতে চাই না। 'ওমুক আগামীকাল আর্সেনালে যোগ দিচ্ছে' এসব কথা বলার কোনো মানে নেই। আমি মিথ্যা বলি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯০০ ঘ.