ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের আক্রমণভাগের খেলোয়াড় বাইচুং ভুটিয়া।
জাতীয় দলের হয়ে তিনি তার ১৬ বছরের ফুটবল-জীবনে মাঠে নামেন রেকর্ড ১০৯ বার। গোল করেন ৪৩টি। জয় করেন এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যালেঞ্জ কাপ, নেহেরু কাপ, এল জি কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের শিারোপা।
৩৪ বছর বয়সী ভুটিয়া বলেন, "ফুটবল অঙ্গনে আমার ১৬ বছর চমৎকার কেটেছে। দেশের হয়ে খেলার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।"
২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ জয়কে তিনি তার ফুটবল-জীবনের সেরা মুহূর্ত বলে অভিহিত করেন।
ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে বাইচুং ইউরোপেও খেলেন। ১৯৯৯ সালে ইংল্যান্ডের বারি এফসিতে তিনি তিন বছরের জন্য যোগ দিয়েছিলেন। অল্প কিছুদিনের জন্য তাকে খেলতে দেখা যায় মালয়েশিয়ার দল পেরাক এফএ-তে।
এছাড়া তিনি খেলেছেন ইস্ট বেঙ্গল, মোহন বাগান ও জেসিটি মিলসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১১৯ ঘ.
bdnews24