ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আর্জেন্টিনা দলের সদস্যদের থাকার ব্যবস্থা করা হলেও তা পরিবর্তন করা হয়েছে। কোথায় তারা থাকবে তা অবশ্য এখনো ঠিক করা হয়নি।
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল ঘটানার সত্যতা স্বীকার করে বলেন, "আর্জেন্টিনা দল যখন ঢাকায় অবস্থান করবে, ঠিক একই সময় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকায় আসবেন। তিনিও থাকবেন সোনারগাঁও হোটেলে। ভারতের প্রধানমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে ওই হোটেলে কোনো ফুটবল দলকে রাখা ঠিক হবে না।"
"সোনারগাঁও হোটেলে রাখা হলে ফুটবলারদের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে হবে। আর্জেন্টিনা দলকে তাই আমরা অন্যত্র রাখার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ভালো একটি হোটেল পেয়ে যাবো," যোগ করেন হেলাল।
এদিকে রাজধানীর রুপসী বাংলা (সাবেক শেরাটন) হোটেলে থাকবে নাইজেরিয়া দল। আর্জেন্টিনা দলকেও সেখানে রাখার ব্যাপারে আলোচনা চলছে। এছাড়া আরো দুই-একটি হোটেলের নাম শোনা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫৭ ঘ.
bdnews24