২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেদারল্যান্ডস শীর্ষে, বাংলাদেশ আট ধাপ এগিয়ে

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হঠিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে নেদারল্যান্ডস। ১৩ মাস ধরে শীর্ষ স্থান ধরে রেখেছিল স্পেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হঠিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখল করেছে নেদারল্যান্ডস। ১৩ মাস ধরে শীর্ষ স্থান ধরে রেখেছিল স্পেন। এদিকে আট ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৩৯ নম্বরে। এর আগে বাংলাদেশ ছিল ১৪৭তম স্থানে। আর ভারত রয়েছে ১৫৮ নম্বরে। র‌্যাঙ্কিংয়ের নতুন সাত নম্বর দল ইতালির কাছে গত মাসে প্রীতি খেলায় ২-১ গোলে হেরে যায় স্পেন। মূলত এরই খেসারত দিল দলটি। আর এই সুযোগে একটি ম্যাচ না খেলেও শীর্ষ উঠে যায় বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস। ওলন্দাজ কোচ বার্ট ভ্যান মারউইক এতে সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা জানি যে শীর্ষে পৌঁছানো সহজ নয়, নিঃসন্দেহে কঠিন। কিন্তু তার চেয়ে কঠিন শীর্ষ স্থান ধরে রাখা।" একে তিনি বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন। তিনি বলেন, তার দলের পুরো মনোযোগ এখন ২০১২ সালের ইউরো বাছাই পর্বে পোল্যান্ড ও ইউক্রেনের বিপক্ষে খেলার দিকে। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই ইউরোপের। জার্মানি রয়েছে তিন নম্বরে। দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। কোপা আমেরিকা বিজয়ী উরুগুয়ে রয়ে গেছে পঞ্চমে। জার্মানির কাছে প্রীতি খেলায় ৩-২ গোলে হেরে যাওয়ায় ব্রাজিল নেমে গেছে ছয় নম্বরে। এশিয়া সেরা জাপান ও আফ্রিকা সেরা আইভরি কোস্ট আছে ১৫ নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০০৭ ঘ.