২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাব্রেগাসের পর নাসরি, চটেছেন ওয়েঙ্গার

সেস ফ্যাব্রেগাসের পর এবার সামির নাসরিও চলে গেলেন আর্সেনাল ছেড়ে। দলের দুই সেরা খেলোয়াড়কে হারিয়ে বেশ চটে গেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 06:41 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেস ফ্যাব্রেগাসের পর এবার সামির নাসরিও চলে গেলেন আর্সেনাল ছেড়ে। দলের দুই সেরা খেলোয়াড়কে হারিয়ে বেশ চটে গেছেন কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে ওয়েঙ্গার ক্ষোভটা ঝেরেছেন ম্যানচেস্টার সিটির ওপর। ফ্যাব্রেগাসের বার্সেলোনায় যাওয়া এক প্রকার নিশ্চিতই ছিল। ফ্যাব্রেগাস নিজেই চাইছিলেন তার কিশোর বয়সের ক্লাবটিতে ফিরে যেতে। তাই এ ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য করেননি ওয়েঙ্গার। তবে মঙ্গলবার নাসরি ম্যান সিটিতে চলে যাওয়ায় রাগ আর চেপে রাখতে পারলেন না। আর্সেনালের ওয়েবসাইটে ওয়েঙ্গার লিখেছেন, "আমি বাস্তববাদী। বুঝি, দলবদল বর্তমান ফুটবলারদের জীবনেরই একটা অংশ। তবে সবকিছু ভুলে সবাই ম্যান সিটিতে যোগ দিচ্ছে, এটা কোনো আকস্মিক ঘটনা নয়।" সরাসরি না বললেও ম্যান সিটির অঢেল অর্থের দিকেই যেন ইঙ্গিত করলেন তিনি। তবে নাসরির প্রতি ক্ষোভ আছে কি নেই, তার বক্তব্য থেকে এ ব্যাপারে কিছুই বোঝা যায় না, "নাসরির পেশাদারিত্ব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। যদি বলতাম 'থেকে যান এবং আমাদের হয়ে খেলেন' তাহলে নাসরি তাই করতেন। গত শনিবারও আমার কথায় আর্সেনালের জার্সি চাপিয়ে মাঠে নেমেছিলেন। তারপরও প্রত্যেকেরই মনে রাখা উচিত যে তিনি কি 'কমিটমেন্ট' করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬২৯ ঘ.