ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলান ছেড়ে রাশিয়ার ক্লাব আনজি মাজাইকানাতে স্যামুয়েল ইতোর পাড়ি জমানো এক প্রকার নিশ্চিতই ছিল। সোমবার আনুষ্ঠানিকভাবে দলটি ইতোর আসা নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেলেই পুরোপুরি আনজির খেলোয়াড়ে পরিণত হবেন তিনি।
এর ফলে রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনাল্দো ও বার্সেলোনার লিওনেল মেসিকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত হলেন ইতো।
ইতোর সঙ্গে চুক্তি হয়েছে তিন বছরের জন্য। প্রতি বছর পকেটে পুড়বেন তিনি ২০ মিলিয়ন ইউরো। বর্তমানে বছরে ১২ মিলিয়ন ইউরো পান রোনাল্দো ও মেসি পান ১০.৫ মিলিয়ন।
আনজির ওয়েবসাইটে বলা হয়, "স্যামুয়েল ইতোর দলবদলের ব্যাপারে আনজি এবং ইন্টারের মধ্যে চুক্তি হয়েছে।" বুধবার ইতোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।
ইন্টার পরিচালক পিয়েরো অসিলিয়ো স্কাই স্পোর্টস ইতালির কাছে ইতোর দলবদলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "সবকিছুই ভালোভাবে সম্পন্ন হয়েছে।"
তবে ইতোকে কিনতে ইন্টারকে কত অর্থ দিতে হয়েছে, তা স্পষ্টভাবে জানা যায়নি। নানাজনে নানা কথা বলছেন। বিভিন্ন খবরে বলা হচ্ছে, ৩০ মিলিয়ন ইউরো পাচ্ছে ইন্টার।
কিন্তু রুশ ক্লাবটির এক মুখপাত্র দাবি করেন, আফ্রিকার তিনবারের বর্ষসেরা খেলোয়াড়কে কিনতে আনজির খরচ হয়েছে ২১ মিলিয়ন ইউরো। এর মধ্যে এখনই দিতে হবে ১৫ মিলিয়ন। বাকি অর্থ দিতে হবে অক্টোবরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬১২ ঘ.
bdnews24