২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলফসবার্গে কিরগিয়াকস

লিভারপুল ছেড়ে বুন্ডেসলিগার দল উলফসবার্গে পাড়ি জমিয়েছেন স্টোরিয়স কিরগিয়াকস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিভারপুল ছেড়ে বুন্ডেসলিগার দল উলফসবার্গে পাড়ি জমিয়েছেন স্টোরিয়স কিরগিয়াকস। লিভারপুলের ৩২ বছর বয়সী রক্ষণভাগের এই খেলোয়াড় ছাড়াও ট্রাবজোনস্পোরের 'লেফট ব্যাক' হারভোজ কালেকেও দলে নিয়েছে উলফসবার্গ। ২০০৯ সালের বুন্ডেসলিগা জয়ী উলফসবার্গ নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। কিরগিয়াকসের সঙ্গে দু'বছরের জন্য চুক্তি করেছে উলফসবার্গ। কোচ ফেলিক্স মাগাথ রক্ষণভাগের শক্তি বাড়ানোর জন্য দলে নেন তাকে। দলের রক্ষণভাগের গত বছরের খেলায় সন্তুষ্ট নন ফেলিক্স। ওয়েবসাইটে দলের ট্রেনার বলেন, "আমাদের রক্ষণভাগ এই মুহূর্তে খুব একটা সুদৃঢ় নয়। এ ব্যাপারে কিছু করা খুব দরকার ছিল। কিরগিয়াকস এমন একজন খেলোয়াড়, যিনি আমাদের রক্ষণভাগের শক্তি বাড়াতে সহায়তা করতে পারেন।" "কিরগিয়াকস একজন অভিজ্ঞ ফুটবলার। দলের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় তিনি নেবেন না," বলেন ট্রেনার। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ফ্রাঙ্কফুর্টের হয়ে খেলেন কিরগিয়াকস। অন্য দিকে ট্রাবজোনস্পোরের সঙ্গে চুক্তি বাতিলের পর উলফসবার্গে যোগ দেন কালে। ২৬ বছর বয়সী কালের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছে উলফসবার্গ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০৩ ঘ.