ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোল ডটকমের জরিপে ২০১০-১১ মৌসুমে বিশ্বসেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি।
বল পায়ে কী করেননি গত এক বছর। বার্সেলোনার হয়ে রীতিমত জাদু দেখিয়েছেন মেসি। ৫৫ খেলায় গোল করেছেন ৫৩টি। করিয়েছেন ২৪টি। এর মধ্যে টানা নয় খেলায় গোল করে গড়েছেন অনন্য নজির।
এই মৌসুমে বার্সাকে কী দিতে পারেন তার আভাস দিয়েছেন মৌসুমের শুরুতেই। রিয়ালের মাটিতে এক গোল এবং ফিরতি খেলায় দুই গোল করে দলকে মৌসুমের প্রথম শিরোপা এনে দেন তিনি।
শিরোপা জয়ের পর বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা বলেন, "মেসির খেলা বর্ণনা করার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। তুমি তার খেলা দেখতেই থাকবে- তার পরও বর্ণনা করার মতো শব্দ খুঁজে পাবে না।"
মেসির প্রশংসা করে গোল ডটকম লিখেছে, "বার্সেলোনায় কিংবদন্তীতুল্য সব ফুটবলার এসেছেন। মারাদোনা, য়োহান ক্রুইফ, রোনালদো, রিভালদো, রোমারিও-অনন্য সবাই। কিন্তু তাদের কেউ মেসির মতো ধারাবাহিকভাবে এত সফল নন।"
গত বছর দলের হয়ে কোথায় গোল করেননি মেসি। যেখানেই গেছেন নিজের ছাপ রেখে এসেছেন। লা লিগায় নিজের প্রথম গোল করতে সময় নেন মোটে তিন মিনিট। সময়ের সঙ্গে সঙ্গে তার গোল ক্ষুধা আরো বেড়েছে।
সুপারকাপ, লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, সব প্রতিযোগিতায় দলের ত্রাণকর্তা মেসি।
বর্তমান রিয়াল মাদ্রিদ দলের সঙ্গে তুলনা হচ্ছে না বার্সেলোনার। তুলনা টানতে যেতে হচ্ছে ১৯৬০ এর দশকের রিয়ালের কাছে। আর্জেন্টিনার কিংবন্দন্তী আলফ্রেডো ডি স্তেফানোর রিয়ালের সব রেকর্ড একে একে নিজের করে নিচ্ছে মেসির বার্সেলোনা।
লিগে টানা ১৬ ম্যাচ জিতে স্তেফানোর রিয়ালের রেকর্ড নিজেদের করে নেয়ার ম্যাচেও গোল এসেছে মেসির পা থেকে।
জরিপে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গোল ডটকম দু'জনকে নিয়ে লিখেছে, রোনালদো যখন স্বার্থপর তখন মেসির সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রশ্নাতীত। তিনি জানেন কখন গোলের জন্য শট নিতে হবে, কখন বল বানিয়ে দিতে হবে, এমন কি কখন বল পেছনে ঠেলে দিতে হবে। তিনি সঠিক সময়ে কাজে লাগানোর জন্য নিজের শক্তি বাঁচিয়ে রাখতে জানেন। কখনো কখনো তা প্রতিপক্ষকে গুড়িয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮২১ ঘ.
bdnews24