২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগা: অচলাবস্থা কাটেনি

নতুন আলোচনার পরও সমঝোতায় পৌঁছতে পারেনি স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠন (এএফই) ও ফুটবল লিগ কমিটি (এলএফপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 11:36 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন আলোচনার পরও সমঝোতায় পৌঁছতে পারেনি স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠন (এএফই) ও ফুটবল লিগ কমিটি (এলএফপি)। ফলে লা লিগার আয়োজন নিয়ে অচলাবস্থা এখনো আগের মতো রয়ে গেছে। সোমবার নতুন করে আলোচনায় বসে উভয় পক্ষ। তারা স্বীকার করেছে, এখন পর্যন্ত কোনো ফলাফল আসেনি। তবে মঙ্গলবার নাগাদ তারা একটি সমঝোতায় পৌঁছাতে পারবে বলে আভাস দিয়েছে। দুই পক্ষই আশা করছে, মঙ্গলবারের আলোচনা সফল হবে। এতে পুনঃনির্ধারিত সময়ে লা লিগা ও দ্বিতীয় বিভাগের খেলা শুরু করার পথে কোনো বাধা থাকবে না। এর আগে ফুটবলারদের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয় স্পেনের ঘরোয়া ফুটবলের শীর্ষ দু'টি প্রতিযোগিতার খেলা। ২০ অগাস্ট থেকে লা লিগার খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু খেলোয়াড়দের ধর্মঘটের কারণে প্রথম পর্বের সব খেলা পিছিয়ে দেয়া হয়। খেলা হওয়ার কথা ছিল ২০, ২১ ও ২২ অগাস্ট। নতুন ঘোষিত সূচি অনুযায়ী, ২৭ অগাস্ট থেকে লা লিগার খেলা শুরু হওয়ার কথা। প্রথম দিন খেলা হওয়ার কথা স্পোর্টিং গিজন ও রিলাল সোসিয়েদাদ, ভালেন্সিয়া ও রেসিং সান্তানদার এবং গ্রানাডা ও রিয়াল বেটিস'র মধ্যে। ২৮ অগাস্ট রিয়াল মাদ্রিদের রিয়াল জারাগোজা ও বার্সেলোনার ২৯ অগাস্ট ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামার কথা। এএফইর মুখপাত্র লুইস গিল বলেন, "এখনো সমস্যার সমাধান হয়নি। আমি বুঝি, মানুষ মাঠে ফুটবল খেলা দেখতে চায়। কিন্তু খারাপ অবস্থায় থাকা ফুটবলারদের কথাও তাদের ভাবা দরকার।" তিনি বলেন, "আমি আরো আশাবাদী হতে পারলে ভালো হতো। কিন্তু তা পারছি না।" সব বিষয়ে সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত ধর্মঘট চলতেই থাকবে বলে উল্লেখ করে তিনি বলেন, "আমরা নতুন প্রস্তাব তৈরি করেছি। আশা করছি, এবার সমস্যার একটি সমাধানে পৌঁছা সম্ভব হবে।" কিন্তু এলএফপি সভাপতি হোসে লুইস আস্তিয়াজারান দাবি করেন, খেলোয়াড়দের সঙ্গে সমঝোতায় পোঁছার জন্য যা করা সম্ভব, তার সবই করা হয়েছে। তিনি বলেন, "ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি আমাদের হাতে নেই। আমি কেবল সমঝোতায় পৌঁছার জন্য ক্রমাগত চেষ্টা এবং নতুন প্রস্তাব দিয়ে যেতে পারি। আমরা যে মতৈক্যে পৌঁছতে চাই তার প্রমাণ এরই মধ্যে দিয়েছি।" টানা তিন মাস ক্লাব বেতন দিতে না পারলে খেলোয়াড়দের চুক্তি বাতিলের ক্ষমতা দাবি করছে এএফই। লা লিগা ও দ্বিতীয় বিভাগের দু'শ'রও বেশি ফুটবলার তাদের পুরো বেতন পাননি। অনেক ক্লাব আবার দেউলিয়া হয়ে গেছে। ক্লাবগুলোর কাছে খেলোয়াড়দের বকেয়া বেতনের অংক কমপক্ষে ৪৩ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে বলে ফুটবলাররা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৭ ঘ.