২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের জালে ম্যান ইউ'র তিন গোল

ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনটি গোলই হয় খেলার দ্বিতীয়ার্ধে। টানা দুই জয়ের পরও লিগের পয়েন্ট তালিকায় দলটি রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ'র পক্ষে ড্যানি ওয়েলব্যাক, অ্যান্ডারসন ও ওয়েন রুনি একটি করে গোল করেন। টানা দুই খেলায় গোল করে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ওয়েলব্যাক। দুই খেলাতেই দলের পক্ষে প্রথম গোল করেন তিনি। ম্যান ইউ'র শিরোপা ধরে রাখার পথে সবচেয়ে বড় অস্ত্র রুনিও গোল পেয়েছেন টানা দুই খেলায়। নিজেদের মাঠে টটেনহ্যামকে কোনো সুযোগই দেয়নি ম্যান ইউ। শুরু থেকেই চেপে ধরলেও গোল পাচ্ছিল না স্যার আলেক্স ফার্গুসনের দল। খেলোয়াড়দের সামনে চীনের প্রচীর হয়ে দাঁড়িয়েছিলেন টটেনহ্যামের গোলরক্ষক ব্র্যাড ফ্রিডেল। কিন্তু খেলার ৬১ মিনিটে আর পারেননি। তাকে পরাস্ত করে স্বাগতিকদের এগিয়ে নেন ওয়েলব্যাক। টম ক্লেভারলির ভাসানো শট থেকে অরক্ষিত ওয়েলব্যাক বল পেয়ে টটেনহামের রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর বল পাঠিয়ে দেন জালে। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর রীতিমতো ধারালো হয়ে উঠে ম্যান ইউ'র আক্রমণ। পনের মিনিট পর ব্যবধান বাড়ান অ্যান্ডারসন। এবার গোলের সুযোগ তৈরি করে দেন ওয়েলব্যাক। তার 'ব্যাক-হিল' থেকে বল পেয়ে যান অ্যান্ডাসন। ওয়েলব্যাকের ওপর নজর রাখায় ফ্রিডেল পারেননি তার দুর্বল শট ঠেকাতে। ৮৭ মিনিটে গোল করে টটেনহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠোকেন রুনি। রায়ান গিগসের ভাসানো বল পেয়ে গোলটি দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৩৯ ঘ.