ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের দক্ষ খেলোয়াড়ের অভাব পূরণে ভালেন্সিয়া থেকে হুয়ান মাতাকে দলে ভিড়িয়েছে চেলসি।
মাতাকে ছেড়ে দেয়ার বিষয়টি এরই মধ্যে ওয়েবসাইটে জানিয়েছে স্পেনের ক্লাবটি।
অর্থে-কড়ির বিষয়টি দুই পক্ষ চেপে গেলেও স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যমগুলোর ধারণা, মাতাকে কিনতে প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ হয়েছে চেলসির।
২৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখান করার পরই আক্রমণভাগের প্রতিভাবান এই খেলোয়াড়কে কিনতে আরো ৫ মিলিয়ন ইউরো যোগ করে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
মাতাসহ চলতি দলবদলের বাজারে চেলসির উঠানে পা পড়েছে চার খেলোয়াড়ের। বাকি তিনজন হলেন অরিওল রোমেও, থিবাউত করটোইস এবং রোমেলু লুকাকু।
এছাড়া কোচ আন্দ্রে ভিলাস বোয়াস তো আছেনই নতুন অন্তর্ভূক্তির তালিকায়।
রিয়াল মাদ্রিদের 'বি' দল থেকে ২০০৭ সালে ভালেন্সিয়াতে যোগ দেন মাতা। ২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেন দলের সদস্য ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৩৭ ঘ.
bdnews24