ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ ও অ্যান্ডি মারে।
শনিবার সেমিফাইনালে র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় মারে ৬-৩ ও ৭-৬ গেমে হারান যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশকে। অপর সেমিফাইনালে কাঁধের চোটের কারণে কোর্টে নেমেও শেষ পর্যন্ত খেলে যেতে পারেননি চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ। ফলে ফাইনালে পৌছে যান বিশ্বের শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার জকোভিচ। সে সময় ৭-৫ এ প্রথম সেটে জিতেছিলেন তিনি।
এদিকে মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ। ফাইনালে তাকে লড়তে হবে রাশিয়ার মারিয়া শারাপোভার সঙ্গে।
সেমিফাইনালে শারাপোভা ২-৬, ৬-৩ ও ৬-৩ গেমে হারান বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় ভেরা জভোনারেভাকে। অপর সেমিফাইনালে জার্মানির আন্দ্রে পেতকোভিচের বিপক্ষে জাঙ্কোভিচ জেতেন ৭-৬ ও ৬-১ গেমে।
এবার নিয়ে চলতি মৌসুমে চারটি প্রতিযোগিতার ফাইনালে উঠলেন শারাপোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬৪৫ ঘ.
bdnews24