২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মেসিদের চারদিনের সূচি

মেসিরা ঢাকায় আসছেন সেটা পুরনো খবর। নতুন খবর হল- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ঢাকার চারদিনের সূচি প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসিরা ঢাকায় আসছেন সেটা পুরনো খবর। নতুন খবর হল- বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের ঢাকার চারদিনের সূচি প্রকাশ করেছে। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ আয়োজন কমিটির প্রধান আনোয়ারুল হক হেলাল শনিবার জানিয়েছেন, "৩ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ঢাকায় এসে পৌঁছবে আর্জেন্টিনা দল। কলকাতা থেকে জিএমজির একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবে ৪৫ সদস্যের দলটি। আর নাইজেরিয়া দল একটি চাটার্ড বিমানে ৪ সেপ্টেম্বর আসবে।" ৪ সেপ্টেম্বর বিকেলে আর্জেন্টিনা দল প্র্যাকটিস করবে। যদিও তার ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে বাফুফে ইতোমধ্যেই টিকেটের স্বত্ব্ বিক্রি করে ফেলেছে। আপন কমিউনিকেশন্স এর স্বত্ত্ব কিনেছে বলে নিশ্চিত করেছে বাফুফে। তবে এর টিকেট বিক্রির দাম এখনও ঠিক হয়নি। একইদিন রাতে হোটেল সোনারগাঁওয়ে একটি বিশেষ ডিনারে অংশ নেবে দুটি দল। এর স্বত্ত্ব কিনে নিয়েছে মাত্রা। তারা আড়াইশ টিকিট বিক্রি করবে। তবে কত টাকায় টিকেট বিক্রি হবে বা স্বত্ত্ব বিক্রি হয়েছে কি দামে তা জানাতে অপারগতা দেখান হেলাল। ৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে হালকা অনুশীলন করবে দুই দল। আর ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতিক্ষীত ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দুই দল। এর আগে ৩ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ৪ সেপ্টেম্বর আর্জেন্টিনার প্র্যাকটিসের ফাঁকে কিছুটা অনুশীলন করার সুযোগ পাবে। এদিকে মেসিদের জার্সি ও বুট নিলামের ব্যবস্থা করবে বাফুফে। ৪ সেপ্টেম্বর ডিনারের সময় খেলোয়াড়দের সই সংবলিত জার্সি ও বুট তাৎক্ষণিকভাবে বিক্রি করবে বাফুফে। যা বাফুফের ডেভেলপমেন্ট ফান্ডে জমা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১২২ ঘ.