ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলারদের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে স্পেনের ঘরোয়া ফুটবলের শীর্ষ দুটি ডিভিশনের খেলা।
২০ অগাস্ট থেকে লা লিগার খেলা শুরু হওয়ার কথা থাকলেও ধর্মঘটের শঙ্কায় প্রথম রাউন্ডের সব খেলা পিছিয়ে দেয়া হয়েছে। ২০, ২১ ও ২২ অগাস্ট প্রথম রাউন্ডের খেলা হওয়ার কথা ছিল।
নতুন ঘোষণা অনুযায়ী ২৭ অগাস্ট থেকে লা লিগা শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দিন স্পোর্টিং গিজন-রিলাল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া-রেসিং সান্তানদার ও গ্রানাডা-রিয়াল বেটিস মাঠে নামার কথা।
প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদ ২৮ অগাস্ট রিয়াল জারাগোজা ও বার্সেলোনা ২৯ অগাস্ট ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামার কথা।
বেতন নিরাপত্তা নিয়ে শুক্রবার সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার পর লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলেও সঙ্কট নিরসনের কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। শনি ও রোববার এ নিয়ে আবারো বৈঠক করার কথা। কিন্তু তাতেও দ্বিতীয় রাউন্ড নিয়ে শঙ্কা কাটছে না।
টানা তিন মাস ক্লাব বেতন দিতে না পারলে খেলোয়াড়দের চুক্তি বাতিলের ক্ষমতা চেয়েছিল স্পেনের ফুটবলারদের এসোসিয়েশন (এএফই)।
ফুটবলারদের এ দাবির জবাবে স্পেনের প্রফেশনাল ফুটবল লিগ চেয়ারম্যান জোসে লুইস আতিয়াজারা বলেন, "তাদের চেয়ে আমাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিনের আশা ছেড়ে আমরা এখন দ্বিতীয় দিন বাঁচানোর চেষ্টা করছি।"
এখনো পর্যন্ত দুটি শীর্ষ ডিভিশনের দু'শর বেশি ফুটবলার তাদের পুরো বেতন পাননি। অনেক ক্লাব আবার দেউলিয়া হয়ে গেছে।
ঋণে জর্জরিত ক্লাবগুলোর কাছে খেলোয়াড়দের বকেয়া বেতনের পরিমাণ অন্তত ৪৩ মিলিয়ন পাউন্ড বলে ফুটবলাররা দাবি করেছেন।
ক্লাবগুলো লা লিগার ম্যাচ না খেললেও ইউরোপিয়ান প্রতিযোগিতার খেলা চালিয়ে যাবে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচ খেলবে ভিলারিয়াল। এ ছাড়া অ্যাতলেটিকো বিলবাও, সেভিলা ও অ্যাতলেটিকো মাদ্রিদ ইউরোপা লিগের ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১১ ঘ.
bdnews24