২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোলেও নিশ্চয়তা নেই

ম্যানচেষ্টার সিটির জার্সি গায়ে মৌসুমের ও নিজের প্রথম খেলায় দুই গোলের দেখা পেলেও এখনই নতুন 'তারকা' সার্জিও অ্যাগুয়েরোকে মূল একাদশে জায়গা দিতে নারাজ কোচ রবার্তো মানচিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 10:14 AM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেষ্টার সিটির জার্সি গায়ে মৌসুমের ও নিজের প্রথম খেলায় দুই গোলের দেখা পেলেও এখনই নতুন 'তারকা' সার্জিও অ্যাগুয়েরোকে মূল একাদশে জায়গা দিতে নারাজ কোচ রবার্তো মানচিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের গতিময় ফুটবলের সঙ্গে (ইপিএল) মানিয়ে নেয়া সবসময় কষ্টসাধ্য। স্পেনের লা লিগায় পাঁচ বছর কাটিয়ে আসার পর এমনিতেও ইপিএলের খাপ খাওয়াতে কষ্ট হওয়ার কথা। কিসের কী, অ্যাগুরোকে কিছুই স্পর্শ করেনি। সোয়ানসিটির বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমেই দুই গোল। নামের সামনে থেকে 'মারাদোনার জামাই' বিশেষণটা ফেলতে বড় উদগ্রীব তিনি। তাতেও মন ভরেনি কোচ মানচিনির। 'তাকে আরও উন্নতি করতে হবে' বলেছেন বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষের ম্যাচটিকে সামনে রেখে। অ্যাগুয়েরোকে মূল একাদশে না রাখার কারণটাও ব্যাখ্যা করেছেন মানচিনি। তিনি বলেন, "সে দুটো দারুণ গোল করেছে (সোয়ানসিটির বিপক্ষে)। সে তার কাজটা জানে। তারপরও এখনো সতীর্থদের ভালোভাবে চেনার সময় পায়নি।" তবে মানচিনির বিশ্বাস, পাঁচ মৌসুম আতলেটিকো মাদ্রিদের হয়ে যেভাবে গোলের বন্যা ছুটিয়েছেন অ্যাগুয়েরো, তার প্রতিফলন দেখা যাবে ম্যান সিটিতেও, "আশা করি, এই মৌসুমে অন্তত ২০ গোল আসবে তার পা থেকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৬১০ ঘ.