ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফসি পোর্তোর কাছ থেকে রাদামেল ফ্যালকাওকে কিনে নিয়েছে আতলেটিকো মাদ্রিদ।
এ জন্য স্পেনের দলটির খরচ হয়েছে ৫৭ মিলিয়ন ডলার। খেলোয়াড় বেঁচে এর আগে পর্তুগালের আর কোনো দল এত অর্থ কখনোই পায়নি।
পর্তুগালের ক্লাবটি এক বিবৃতিতে জানায়, পরিবর্তনশীল বিষয়গুলোর ওপর নির্ভর করে ফ্যালকাওয়ের দাম ঠেঁকতে পারে ৬৭ মিলিয়ন ডলারে। তবে পরিবর্তনশীল বিষয়গুলোর ব্যাখ্যা বিবৃতিতে দেয়া হয়নি।
আতলেটিকোর ওয়েবসাইটে বলা হয়, ফ্যালকাও পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হয়েছেন। শুক্রবার দিনের শেষভাগে তার স্পেনের রাজধানীতে পৌঁছানোর কথা।
'বাঘ' নামে পরিচিত ফ্যালকাও গত মৌসুমে ছিলেন পোর্তোর মূল অস্ত্র। পর্তুগাল লিগের শিরোপাসহ দলের চারটি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। গোল করেন ৩৪টি।
আতলেটিকো ছেড়ে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় সার্জিও বাতিস্তা চলে যাওয়ায় তার জায়গায় খেলবেন ফ্যালকাও। ৬২ মিলিয়ন ডলারে অ্যাগুয়েরো গত মাসে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন।
আন্দ্রেস ভিলাস বোয়াস কোচ হওয়ার পর চেলসিও দলে টানতে চেয়েছিল ২৫ বছর বয়সী ফ্যালকাওকে। গত মৌসুমে পোর্তোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বোয়াস।
আর্জেন্টিনার দল রিভার প্লেট থেকে ২০০৯ সালে পোর্তোতে যোগ দেন ফ্যালকাও। এ জন্য পোর্তোর খরচ হয় সাড়ে পাঁচ মিলিয়ন ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/১৯৩৪ ঘ.
bdnews24