ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ সপ্তাহের জন্য দর্শকের আসনে বসতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের দলনায়ক নেমাঞ্জা ভিদিচকে।
দলের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন শুক্রবার বলেছেন, "ভিদিচের পায়ের চোট যতটা মনে করেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। চার থেকে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।"
ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে রোববারের খেলার সময় চোট পান রক্ষণভাগের এই খেলোয়াড়। সে সময় ফার্গুসন মনে করেছিলেন, দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভিদিচকে। ব্রমউইচে অতিথি হয়ে গিয়ে ম্যান ইউ খেলায় জেতে ২-১ গোলে।
ইউরোপ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ভিদিচ সার্বিয়ার হয়ে ২ সেপ্টেম্বর উত্তর আয়াল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। চার দিন পর ফারো আইল্যান্ডসের বিপক্ষেও বসতে হবে দর্শকের কাতারে।
ভিদিচকে নিয়ে খারাপ খবর থাকলেও ভালো খবর আছে রিও ফার্দিনান্দকে নিয়ে। আর্সেনালের বিপক্ষে ২৮ অগাস্ট মাঠে দেখা যেতে পারে তাকে। 'হ্যামস্ট্রিং'-এ চোট পাওয়ায় এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪৭ ঘ.
bdnews24