২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়া নিয়ে শঙ্কিত বাফুফে

দেশের বর্তমান বিরূপ আবহাওয়া ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের। গত কয়দিনের টানা বৃষ্টি আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বর্তমান বিরূপ আবহাওয়া ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের। গত কয়দিনের টানা বৃষ্টি আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তারা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, "মেসিদের ম্যাচ আয়োজনের ক্ষেত্রে একমাত্র অন্তরায় হতে পারে বিরূপ আবহাওয়া। বর্তমান যে অবস্থা তা আমাদের ভাবিয়ে তুলেছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে বিকল্প একটা ব্যবস্থা করতেই হবে।" কি হতে পারে সে বিকল্প ব্যবস্থা? শোনা যাচ্ছে, ম্যাচের আগে টানা বর্ষণ থাকলে মাঠে তেরপাল বিছিয়ে দেয়া হবে। এই ম্যাচ আয়োজক কমিটির প্রধান আনোয়ারুল হক হেলালও এর সত্যতা স্বীকার করেন। এ সম্পর্কে তিনি বলেন, "আবহাওয়ার ওপরতো আমাদের কোন হাত নেই। তবে আমাদের চেষ্টা থাকবে কি করে তা রোধ করা যায়। প্রয়োজনে ১২০ ফিট বাই ৮০ ফিট তেরপাল মাঠে বিছিয়ে দেবো আমরা।" তবে বঙ্গবন্ধু স্টেডিয়াম মাঠের ড্রেনেজ ব্যবস্থা খুবই করুণ। একটু বৃষ্টিতেই পুরো মাঠ ভেসে যায়। তাই তেরপাল দিয়ে কতটুকু সম্ভব হবে মাঠ অরক্ষিত রাখা, তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। জাতীয় ক্রীড়া পরিষদও এ ম্যাচকে সামনে রেখে ড্রেনেজ ব্যবস্থা উন্নতি করার কোন পরিকল্পনা হাতে নেয়নি। সব মিলিয়ে একটা ভজঘট অবস্থা। তাছাড়া একমাত্র প্র্যাকটিস ভেন্যু কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে এখন। এই মাঠের আরো করুণ অবস্থা। প্রতিদিন তৃতীয় বিভাগ লিগের দুইটি করে ম্যাচ আয়োজনের কারণে মাঠ একেবারেই কর্দমাক্ত হয়ে গেছে। তাই মাঠ সংস্কার তো করতেই হবে। বুনতে হবে নতুন ঘাস। বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল বলেন, "চীন থেকে আনা ঘাষ বোনা হয়েছে। যা তিন সপ্তাহের মধ্যেই পরিপূর্ণ রূপ নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১৯৩৯ ঘ.