২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিনৈপুণ্যে সুপার কাপ বার্সেলোনার

লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 03:56 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

বার্সেলোনা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্পেনিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠে দ্বিতীয় লেগে হোসে মরিনহোর দলকে ৩-২ গোলে হারায় পেপ গার্দিওলার শিষ্যরা। এর আগের খেলাটি ২-২ গোলে ড্র হয়েছিলো। ফলে দুই খেলা মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৫-৪ এবং তা বার্সেলোনার পক্ষে। মঙ্গলবার বার্সার পক্ষে দুটি গোল করেছেন মেসি। অন্যটি আসে আন্দ্রে ইনিয়েস্তার পা থেকে। রিয়ালের পক্ষে গোল দুটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। নির্ধারিত সময়ের খেলা যখন ড্র এর দিকে এগোচ্ছিলো, ঠিক তখন ম্যাজিক দেখান মেসি। ৮৭ মিনিটে তার ভলি পরাস্ত করে ইকর ক্যাসিলাসকে। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯৫০ ঘ.