ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মেসিদের অনুশীলন করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের উপ পরিচালক হাবিবুর রহমান।
জাতীয় ক্রীড়া পরিষদের নিজ কার্যালয়ে তিনি সাংবাদকিদের বলেন, "কমলাপুর স্টেডিয়ামের বর্তমান যে অবস্থা তা সংস্কার করলেও কোন লাভ হবে না। আমার মনে হয় না আর্জেন্টিনা দল সেখানে অনুশীলন করবে। তাছাড়া এতো দ্রুত ভালোভাবে সংস্কার করাও অসম্ভব।"
তবে পরিচালক আব্দুর রহমান বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, "হাতে যে সময় আছে আমরা আশাকরি স্টেডিয়াম ভালোভাবেই সংস্কার করতে পারবো। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ।"
ক্রীড়া পরিষদ এই কর্মকর্তা বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিলেও, বাস্তবে তা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ মাঠে ঘাষ বুনতে ১৫-২০ সময় লাগে। তাছাড়া ড্রেসিং নেই, নেই অন্য অনেক সুবিধাও। এতো অল্প সময়ে সব কাজ সমাধা করা অসম্ভবই বটে।
এমন মাঠে আর্জেন্টিনা অনুশীলন করতে চাইবে কিনা তা ভাবনারই বটে। ম্যাচটি আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফের সদস্য আনোয়ারুল হক হেলাল এ সম্পর্কে বলেন, "মাঠ যদি পূর্ণ প্রস্তুত না হয় তাহলে আর্জেন্টিনা দল অনুশীলন করতে নাও চাইতে পারে। তা হলে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১৫২ ঘ.
bdnews24