২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেট বোর্ড সহযোগিতা করছে না'

আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্র্যাকটিস ভেন্যুর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সহযোগিতা চেয়েও পাইনি বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্র্যাকটিস ভেন্যুর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সহযোগিতা চেয়েও পাইনি বলে দাবি করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ও ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। বুধবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "প্র্যাকটিস ভেন্যুর জন্য আমরা ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু বিসিবি আমাদের কোন সহযোগিতা না করে চিঠি প্রত্যাখ্যান করেছে।" "বিসিবির কাছ থেকে আমরা এমটি আশা করিনি। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমরা তাদের বঙ্গবন্ধু স্টেডিয়াম ছয় মাসের জন্য ছেড়ে দিয়েছিলাম। অথচ বিসিবি আমাদের এক সাপ্তাহের ছাড়ছে না," বলেন বাদাল রায়। বাফুফের এই সহ-সভাপতি যোগ করেন, "আমরা দেশের স্বার্থের কথা বিবেচনা করে সে সময় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা চালিয়েছি। আমরা মনে করেছি তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে ছেড়ে দেয়া উচিত। কিন্তু সেরকম দায়িত্বশীল আচরণ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা পাইনি।" "যা খুবই দুঃখজনক। এমনটি আমরা বিসিবি কর্মকর্তাদের কাছ থেকে আশা করিনি," বলেন বাদল রায়। আপনারা নিজেরা বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন কিনা? এমন প্রশ্নের জবাবে বাদল রায় বলেন, "চিঠি দেয়ার পর তা প্রত্যাখ্যান হয়েছে। এর পর আর কোন কথা বলার তো সুযোগ থাকে না। তাই আমরা কোনো কথা বলিনি।" অবশ্য বিসিবি নাকি জাতীয় ক্রীড়া পরিষদকে জানিয়েছে, একটা পিচ তৈরি করতে ছয়মাস সময় লাগে। তাই ফতুল্লা স্টেডিয়ামের পিচ তুলে নিয়ে সেখানে প্র্যাকটিস করতে দেয়ার কোন সুযোগ নেই। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ এই সত্যতা স্বীকার করেন। এ সস্পর্কে তিনি বলেন, "দেড়-দুই মাস আগে আমরা বাফুফের কাছ থেকে এ বিষয়ে একটা চিঠি পেয়েছিলাম। আমরা তখনই না করে দিয়েছি, মাঠ দেয়া সম্ভব নয়। কারণ নভেম্বরে মেয়েদের বিশ্বকাপের বাছাই পর্ব ঢাকায় বসতে যাচ্ছে। ফতুল্লা তার অন্যতম ভেন্যু।" নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, "ফতুল্লা স্টেডিয়াম মাঠ নতুন করে আবার সংস্কার হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা বাড়ানোর জন্য মাঠ দুইফুট উঁচু করা হবে। তাই এ পিচ তুলতেই হবে। সেকারণে এ মাঠে মেসিদের অনুশীলন করতে কোনো সমস্যা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০৪৯ ঘ.