ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ ম্যাচে উদিনেসকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের পথে এক পা বাড়ালো আর্সেনাল।
৪ মিনিটের সময় খেলার একমাত্র গোলটি আসে থিও ওয়ালকটের পা থেকে।
সেস ফ্যাব্রেগাসকে হারিয়ে হতাশ আর্সেনাল সমর্থকদের জন্য এ জয় বিশাল স্বস্তির এক সুবাতাস বয়ে এনেছে। সোমবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আট বছরের আর্সেনাল জীবন কাটিয়ে কৈশরের ক্লাব বার্সেলোনায় যোগ দেন ফ্যাব্রেগাস।
খেলার ফলাফল অবশ্য খেলার প্রকৃত চিত্র তুলে ধরতে পারছে না। উজ্জীবিত ফুটবল খেলেছে অতিথি উদিনেস। তারকা খেলোয়াড় আন্তনিয়ো দি নাতালির দুর্দান্ত একটি শট আর্সেনালের বারে লেগে ফিরে আসে। আর শেষ দিকে পাবলো আলমেরো গানার্স গোলরক্ষক সিসেনিকে একা পেয়েও সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন।
খেলা শেষে ওয়ালকট বলেন, "গোল পাওয়া সবসময়ই আনন্দের। প্রতিপক্ষ (উদিনেস) শক্তিশালী ছিল তাই আমাদের জয় পেতে কষ্ট হয়েছে। তবে আমরা বিশ্বাস করি যদি নিজেদের সেরা ফুটবল উপহার দিতে পারি তাহলে ফল সবসময় আমাদের পক্ষে থাকবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৩৩১ ঘ.
bdnews24