ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আকাশের রং যেমনি ক্ষণে-ক্ষণে বদলায়, ঠিক তিমনি যেন বদলায় জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের মনও। এইমাত্র একটি সিদ্ধান্ত নিয়েছেন তো, আবার সে জায়গা থেকে সরে আসছেন। মানে সিদ্ধান্ত পরিবর্তনে দারুণ পটু তারা।
ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের প্র্যাকটিস ভেন্যু নিয়েও ঠিক তেমনি একটি নাটক করলেন ক্রীড়া পরিচালক আব্দুর রহমান। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, "সময় স্বল্পতা এবং অর্থ বরাদ্ধ না পাওয়ার কারণে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সংস্কার করা যাচ্ছে না। তাই এই স্টেডিয়াম অনুশীলন করা একেবারেই অসম্ভব।"
ড্রেসিংরুম, মাঠ ও ভিআইপি গ্যালারি, প্রেসবক্স- কিছুই ঠিক নেই। বাফুফেও নাকি জাতীয় ক্রীড়া পরিষদকে সময়মতো জানাতে পারেনি। গত ৬ জুলাই বাফুফের দেয়া চিঠি পেয়েছে ক্রীড়া পরিষদ। এতো অল্প সময়ে টাকা বরাদ্ধ দেয়া সম্ভব নয়। তাই আপাতত সংস্কার করা অসম্ভব বলে বাফুফেকে জানিয়েও দিয়েছেন আব্দুর রহমান।
বিকল্প ভেন্যু হিসেবে নারায়ণগঞ্জ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ক্রিকেটের পিচ তুলে সেখানে প্র্যাকটিস করার কথা বলেছিলেন তারা।
মঙ্গলবার সে সিদ্ধান্ত থেকে আবার সরে এসেছে তারা। না, ফতুল্লা স্টেডিয়াম নয় -কমলাপুর স্টেডিয়ামেই হবে আজেন্টিনা ও নাইজেরিয়া দলের প্র্যাকটিস। এ জন্য কমলাপুর স্টেডিয়াম সংস্কার করা হবে। ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েও গেছে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, "শুধুমাত্র কমলাপুর স্টেডিয়ামের মাঠ এবং ড্রেসিং রুম সংস্কার হবে। ইতোমধ্যে মাঠে ঘাস বুনা হয়ে গেছে।"
এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুটি ড্রেসিং রুম সংস্কার করতে ক্রীড়া পরিষদের ব্যয় হচ্ছে ২ কোটি ৭ লাখ টাকা। অথচ এই বরাদ্ধের আওতায় নেই বাথরুম সংস্কার। থাকবে না কোন গরম পানির ব্যবস্থাও। তার পরও ব্যয় হবে দুই কোটি টাকার বেশি!
কমলাপুর স্টেডিয়ামে সাধারণ দর্শকদের জন্য আর্জেন্টিনা-নাইজেরিয়া দলের প্র্যাকটিস দেখার ব্যবস্থা করবে বাফুফে। এ জন্য স্বল্প মূল্যে টিকিট বিক্রি করবে তারা। টিকেটের দাম কত বা কবে শুরু হবে বিক্রি তা জানাতে পারেনি বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০৫৯ ঘ.
bdnews24