২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিদের খেলা দেখার আহবান সালাউদ্দিনের

ঢাকায় অনুষ্ঠেয় আজেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ দেখতে মাঠে আসার জন্য দর্শকদের আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় আজেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ দেখতে মাঠে আসার জন্য দর্শকদের আহবান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে মঙ্গলবার নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "মেসিদের খেলার টিকিট কিনুন। একটা জমজমাট ম্যাচ উপভোগ করুন। ফুটবলের পাশে দাঁড়ান।" "বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকাকে কাছ থেকে দেখার এমন সুবর্ণ সুযোগ কি সহজে মিলবে? দেশের ফুটবল প্রেমীদের জন্য আমরা তা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আর্জেন্টিনা-নাইজেরিয়ার মতো বিশ্বখ্যাত দলকে আনতে যাচ্ছি। দর্শকদেরও আমাদের উদ্যোগে ভালোভাবে সড়া দেয়া উচিত," বলেন সালাউদ্দিন। ম্যাচটির টিকিট বিক্রি নিয়ে বাফুফে সভাপতি কিছুটা হতাশও। এ ব্যাপারে তিনি বলেন, "দেশ ১৫ কোটি লোক, তার মধ্যে কি ২৩ হাজার টিকিট কেনার মতো মানুষ নেই। যদি এমন ম্যাচেও দর্শক না আসে তাহলে ধরে নেবো ফুটবলের প্রতি আমাদের দেশের মানুষদের তেমন আগ্রহ নেই।" অবশ্য বাফুফে সভপাতির বিশ্বাস, "শেষ পর্যন্ত সব টিকিট বিক্রি হয়তো হয়ে যাবে। কিন্তু এতো ধীরগতির বিক্রি কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে আমাদের।" এদিকে ম্যাচের প্রায় আর্ধক টিকিটই বিক্রি হয়ে গেছে। তারমধ্যে ভিআইপি গ্যালারির টিকিট বেশি বিক্রি হয়েছে। ভিাআইপি গ্যালারির টিকিট খুব একটা বাকিও নেই বলে নিশ্চিত করেছেন সালাউদ্দিন। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ১০ হাজার টাকা, পূর্ব গ্যালারির টিকিটের দাম ৭,৫০০ টাকা ও পশ্চিম গ্যালারির কর্পোরেট টিকিটের দাম ১০,৬০০ টাকা ধরা হয়েছে। আইএফআইসি ব্যাংকের ঢাকার আটটি শাখা থেকে টিকিট গুলো বিক্রি হচ্ছে । শাখাগুলো হলো- মতিঝিল, গুলশান, মিরপুর, ইসলামপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, উত্তরা ও বসুন্ধরা। এছাড়া স্পেশাল এনক্লোজার, স্পেশাল হসপিটালিটি এনক্লোজার, প্রেসিডেন্ট বক্স, হসপিটালিটি বক্স ও ভিআইপি গ্যালারির টিকেট কিনতে চাইলে দর্শকদের বাফুফের শরণাপন্ন হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১৩ ঘ.