২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবকাঠামোর উন্নতি হলেও খেলাধুলায় হয়নি'

ক্রীড়াঙ্গনে অবাকাঠামোর উন্নতি হলেও বাংলাদেশের খেলাধুলায় তেমন অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 02:11 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিরেফার ডটকম) - ক্রীড়াঙ্গনে অবাকাঠামোর উন্নতি হলেও বাংলাদেশের খেলাধুলায় তেমন অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ওবায়দুল কাদের।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে সোমবার তিনি সাংবাদিকদের বলেন, "ক্রীড়াঙ্গনে সমন্বয়ের বড় অভাব। যোগ্য লোক সঠিক জায়গায় বসতে পারছেন না। তাই খেলার তেমন উন্নতি হচ্ছে না।"

"সরকারের উদ্যোগ কি করে বাড়ানো যায়, তা নিয়ে আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলতে আমার কোন অপত্তি নেই। কারণ আমি চাই খেলাধুলার উন্নতি হোক। দিন দিন পিছিয়ে পড়া আমাদের করো কাম্য নয়," বলেন ওবায়দুল কাদের।

অবকাঠামোর এতো উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, "ক্রীড়া পরিষদ টাওয়ার হয়েছে। হয়েছে অলিম্পিক ভবন। কিন্তু সে হিসেবে আমাদের খেলার কী তেমন অগ্রগতি হয়েছে ?"

"ক্রিকেটের কথাই ধরুন, বিশ্বকাপে যথেষ্টই ভালো করেছে বাংলাদেশ। কিন্তু সে ধারবাহিকতা পরবর্তীতে ধরে রাখতে পারছে না দল। জিম্বাবুয়ে সফরে কি বাজে পারফরম্যান্স ক্রিকেট দলের। অন্য খেলাগুলোতেও একই হাল। সাউথ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জিতলেও পরবর্তীতে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের ক্রীড়াবিদরা," যোগ করেন তিনি।

আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা বলেন, "তৃণমূল পর্যায় থেকে আমাদের খেলোয়াড় বের করে আনতে হবে। গ্রামেগঞ্জে মাঠ বাড়াতে হবে। আর সব চেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে প্রশিক্ষণে। তাহলেই কেবল উন্নতি হবে। "

তবে ফুটবলের প্রসংশা করতে ভুলেননি ওবায়দুল কাদের। এই ফেডারেশন সম্পর্কে তিনি বলেন, "ফুটবলের গত কিছুদিনের পারফরম্যান্স আশাজাগানিয়া। বিশ্বাকাপ প্রাক বাছাই ফুটবলে তারা পাকিস্তান ও লেবাননের মতো দলকে হারিয়েছে। তাছাড়া বর্তমান কমিটিও চেষ্টা করছে ভালো কিছু করতে।"

ক্রীড়াঙ্গনে দলীয় লোকজনকে প্রাধান্য না দিয়ে, খেলাধুলার সঙ্গে সম্পৃক্তদের দায়িত্ব দেয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, "যার যেখানে জায়গা- তাকে সেখানে বসানো উচিত। তাহলেই অগ্রগতির ছোঁয়া লাগবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/১৯৪৯ ঘ.