ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়ালের কাছে হারতে হারতে বেঁচে গেছে বার্সেলোনা। সুপার কোপা ফাইনালের প্রথম পর্বে রিয়ালকে ২-২ গোলে রুখে দিয়েছে তারা।
স্যান্তিয়াগো বার্নেব্যুর রোববারের ফাইনালে চোখ ছিল গোটা ফুটবল বিশ্বের। রিয়ালের মাঠে খেলা, তারপরও 'ফেভারিট' ওই লিওনেল মেসির বার্সাই। গত কয়েক বছরের ইতিহাস বলে, বার্সার সামনে রিয়াল কিছুটা ম্রিয়মানই থাকে। তবে নতুন মৌসুমের প্রথম এল-ক্লাসিকো অন্য কিছুর ইঙ্গিত দিল।
বল দখলের লড়াই থেকে শুরু করে গোলের সুযোগ সৃষ্টিতে, মাঠের প্রতিটি কানায় রিয়ালের প্রাধান্য ছিল। ভাগ্যিস, বার্সা ঝলকটা প্রথমার্দের শেষ ১০ মিনিট দেখা গেছে। ওই সময়ে ডেভিড ভিয়া ও মেসির গোলে ২-১ এ এগিয়ে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে জাভি আলোনসোর গোলে সমতায় ফেরে রিয়াল।
মেসুত ওজিলের গোলে শুরতে এগিয়ে ছিল গ্যালাকটিকোসরাই।
শুরু থেকে চাপিয়ে খেলতে থাকা রিয়াল ১৩ মিনিটে 'লিড' নেয়। বার্সার ডি-বক্সের ফাঁকায় দাড়ানো ওজিলকে দেখতে পেয়ে নিখুঁত নিশানায় বল ভাসান করিম বেনজেমা। গোলরক্ষক ভিক্টর ভালদেসকে পরাস্ত করতে বেগ পেতে হয়নি ওজিলের।
অগোছালো বার্সা বলের দখল নিতে সুযোগ করে দেয় রিয়ালকে। 'পাসিং' ফুটবলের সৌন্দর্য্যে মেসিদের নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণে অসহায় করে ফেলে প্রতিপক্ষকে।
তবে ৩৬ মিনিটে ভিলার চোখ ধাঁধানো গোলে খেলায় ফেরে কাতালানরা। মেসির বাড়ানো বল বাঁ-প্রান্ত থেকে দারুুন এক বাঁকানো শটে রিয়ালের জালে জড়ান ভিয়া।
প্রথমার্ধের শেষ মিনিটে মেসি 'ম্যাজিক'। মৌসুমের প্রথম ম্যাচেই গোল পেলেন তিনি। তার ওপর প্রতিপক্ষের নাম রিয়াল। মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো তার জন্য। তিন 'মার্কার'কে ছিটেকে ফেলে নিচু শটে বার্সাকে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে হোসে মরিনহোর দল প্রথমার্ধের শেষ দশ মিনিটের 'দুঃস্বপ্ন' মুছে ফেলে ফিরে আসে স্বরূপে। সাদাজার্সির কাছে পাত্তাই পায়নি মেসি শিবির। ওজিলের ভাসানো বল পেপের পা ঘুরে বক্সের বাইরে দাঁড়ানো জাভি আলোনসোর পায়ে পড়ে। সামনে দাড়ানো বার্সা রক্ষনস্তম্ভগুলোর মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে ভিক্টর ভারদেসকে পরাস্ত করেন তিনি (২-২)।
এরপর বেশকিছু সূবর্ণ সুযোগ নষ্ট হওয়ায় ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে। ১৭ তারিখ ফাইনালের ফিরতি পর্বে মুখোমুখি হবে দু'দল। সেদিন নিঃসন্দেহে 'ফেভারিট' দলটির নাম বার্সা নয়, রিয়াল মাদ্রিদ!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১২৫৯ ঘ.
bdnews24