ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় অনুষ্ঠেয় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের কোন প্র্যাকটিস ভেন্যু ঠিক করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ম্যাচ ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই দুই দলকে প্র্যাকটিস করতে হতে পারে।
সময় স্বল্পতা এবং অর্থ বরাদ্ধ না পাওয়ার কারণে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম সংস্কার করতে পারছে না জাতীয় ক্রীড়া পরিষদ। তাই এই স্টেডিয়াম অনুশীলন করা একেবারেই অসম্ভব। কারণ, আন্তর্জাতিক মানের কোন সুযোগ সুবিধা নেই বললেই চলে।
ড্রেসিংরুম, মাঠ ও ভিআইপি গ্যালারি, প্রেসবক্স- কিছুই ঠিক নেই। বাফুফেও নাকি জাতীয় ক্রীড়া পরিষদকে সময়মতো জানাতে পারেনি। গত ৬ জুলাই বাফুফের দেয়া চিঠি পেয়েছে ক্রীড়া পরিষদ। এতো অল্প সময়ে টাকা বরাদ্ধ দেয়া সম্ভব নয়। তাই আপাতত সংস্কার করা অসম্ভব বলে বাফুফেকে জানিয়ে দিয়েছে তারা।
বিকল্প ভেন্যু নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মাঠের মাঝখানে ক্রিকেটের পিচ। এই পিচ তুলে নেয়াটাও সময় সাপেক্ষ ব্যাপার। তা কবে তোলা হবে তাও সঠিকভাবে জানাতে পারেনি ক্রীড়া পরিষদ। কারণ এর জন্যও কোন অর্থ বরাদ্ধ দেয়া হয়নি।
তাই প্রশ্ন উঠেছে ম্যাচের আগে কোথায় অনুশীলন করবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া। আর্জেন্টিনা দল ঢাকায় আসবে ৩ সেপ্টেম্বর। তারা যদি প্র্যাকটিস করার কোন সুযোগ না পেলে কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা প্রবল।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আব্দুর রহমান রোববার সাংবাদিকদের জানিয়েছেন, "বাফুফে চিঠি দিতে দেরি করায় আমরা কমলাপুর স্টেডিয়ামের জন্য অর্থ বরাদ্ধ দিতে পারিনি। তাই এখনই সম্ভব হচ্ছে না সংস্কার করা।"
এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দুটি ড্রেসিং রুম সংস্কার করতে ক্রীড়া পরিষদের ব্যয় হচ্ছে ২ কোটি ৭ লাখ টাকা। অথচ এই বরাদ্ধের আওতায় নেই বাথরুম সংস্কার। থাকবে না কোন গরম পানির ব্যবস্থাও। তার পরও ব্যয় হবে দুই কোটি টাকার বেশি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০১২ ঘ.
bdnews24