ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ ঢাকায় বসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। হাতে বাকি অল্পকয়দিন। কিন্তু এখনও একটি কো-স্পন্সর জোগাড় করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শনিবার সাংবাদিকদের কাছে এই হতাশার কথা বলেন।
যদিও ম্যাচটির মূল স্পন্সর বেক্সিমকো। খেলাটি আয়োজনের যত টাকা ব্যয় হবে তা বহন করবে তারা। লাভ হলে তা বাফুফে পাবে, আর ক্ষতি হলে বহন করবে বেক্সিমকো।
মূল স্পন্সর নিয়ে বাফুফের তেমন কোন ভাবনা না থাকলেও, মূলত কো-স্পন্সর না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে বাফুফেতে। এ সম্পর্কে কাজী সালাউদ্দিন বলেন, "আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি, তারা এতো অল্প টাকা প্রস্তাব করেছে, তা খুবই দুঃখজনক।"
"এতো বড় একটা ম্যাচ ঢাকায় আয়োজন হচ্ছে, আশা করেছিলাম স্পন্সরদের কাছ থেকে অনেক সাড়া পাবো। কিন্তু তা আমরা পাইনি," বলেন বাফুফে সভপাতি।
সালাউদ্দিন বলেন, "দু'একটি কো-স্পন্সর পেলে এবং ভালো দামে বিলবোর্ড বিক্রি করা সম্ভব হলে বাড়তি কিছু টাকা পাওয়া যেতো। হয়তো পাবো, যা সময় সাপেক্ষ।"
আগামী ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়া প্রীতি ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২১১১ ঘ.
bdnews24