ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউক্যাসেল ইউনাইটেড থেকে রক্ষণভাগের খেলোয়াড় হোসে এনরিককে কিনেছে ইংল্যান্ডের আরেক দল লিভারপুল।
২৫ বছর বয়সী এ খেলোয়াড়কে দলে টানার বিষয়টি নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে দলটি।
এই গ্রীষ্মের পঞ্চম খেলোয়াড় হিসেবে কেনি ডগলিশের দলে যোগ দিলেন এনরিক।
২০০৭ সালে স্পেনের দল ভিলারিয়াল থেকে এনরিককে দলে ভিড়িয়ে ছিল নিউক্যাসেল ইউনাইটেড।
লিভারপুলের ওয়েবসাইটে এনরিক জানান, "আমার জীবনের অন্যতম সেরা দিন। শুধ ইংল্যান্ড নয়, পুরো বিশ্বের অন্যতম সেরা দলে যোগ দিলাম । সত্যিই আমি অনেক খুশি।"
এনরিককে দলে টানার ফলে গ্রীষ্মে কেনা পাঁচ খেলোয়াড়ের পেছনে লিভারপুলের খরচ দাঁড়ালো ৫০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।
এর আগে জানুয়ারিতে লুইস সুয়ারেজ ও অ্যান্ডি ক্যারোলকে বিশাল অঙ্কের বিনিময়ে কিনেছিল লিভারপুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৪৪৯ ঘ.
bdnews24