ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেস ফ্যাব্রেগাস ও সামির নাসরিকে বিক্রি করার গুঞ্জন স্রেফ উড়িয়ে দিলেন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।
ফ্যাব্রেগাসকে বার্সেলোনা ও নাসরিকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করা হচ্ছে-কয়েক দিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছে একথা। কোনো কোনো প্রচার মাধ্যমে খবরও প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে।
আর্সেনালের প্রশিক্ষণ মাঠে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার ধারণা, ক্লাবেই থেকে যাচ্ছেন তারা।"
"এই মুহূর্তে আপনাদের জানানোর মতো খবর আসলেও আমার কাছে নেই। যদি কোনো খবর পাই তাহলে সঙ্গে সঙ্গে জানাবো, কথা দিলাম," যোগ করেন তিনি।
কিন্তু হাল ছাড়ার পাত্র নন সাংবাদিকরা। এক সাংবাদিক প্রশ্ন করে বসেন, দল ছেড়ে চলে যাওয়ার জন্য ফ্যাব্রেগাস ও নাসরি ফন্দি-ফিকির করায় আপনি কি হতাশ? জবাবে ওয়েঙ্গার বলেন, "এতে আমি মোটেও হতাশ নই। তারা পেশাদার ফুটবলার। আর এসব বিষয়কে ব্যক্তিগতভাবে নেয়ার কোনো মানে হয় না।"
এখানেই থেমে যাননি আর্সেনাল ম্যানেজার। বলেই চলেন, "এছাড়া আমার ব্যক্তিগত মনোভাবে কারো কিছু যায় আসে না। আসলে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো কিভাবে ক্লাবের ভালো করা যায়।"
শনিবার প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলার জন্য নিউক্যাসলে অতিথি হয়ে যাওয়ার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "মৌসুম শুরুর একদিন আগে খেলোয়াড়দের বিক্রি করার কথা নিয়ে চিন্তা-ভাবনা না করাই ভালো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২১ ঘ.
bdnews24