ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার্স কাপ টেনিসে হেরেই চলেছেন নামজাদা সব খেলোয়াড়রা। অ্যান্ডি মারে ও রাফায়েল নাদালের পর বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তবে জিতেই চলেছেন নোভাক জকোভিচ।
ব্যতিক্রম নয় মেয়েদের এককও। থেমে গেছে মারিয়া শারাপোভা, না লি ও ভেরা জভোনারেভার দৌড়।
তৃতীয় পর্বের খেলায় বৃহস্পতিবার ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গার কাছে ৭-৬(৩), ৪-৬ ও ৬-১ গেমে হেরে যান র্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় ফেদেরার।
এবারের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালেও ফেদেরারের বিদায় ঘণ্টা বাজান তিনি।
প্রথম সেটে সমান তালেই লড়েন সোঙ্গা ও ফেদেরার। শেষ পর্যন্ত টাইব্রেকারে ওই সেট জিতে নেন সোঙ্গা।
দ্বিতীয় সেটে স্বরূপে ফেরেন ফেদেরার। সোঙ্গাকে হারান ৪-৬ এ। তবে তৃতীয় সেটে ফেদেরারকে দাঁড়াতেই দেননি সোঙ্গা। 'এক্সপেস' সার্ভ ও গতির সামনে বড় অসহায় হয়ে পড়েন ফেদেরার। ৬-১ এ ওই সেটে জিতে টানা দ্বিতীয়বার ফেদেরারকে হারানোর উল্লাসে মেতে ওঠেন সোঙ্গা।
খেলা শেষে ফেদেরার বলেন, "অসাধারণ কিছু 'শট' খেলেছেন সোঙ্গা। আমার মনে হয় না আমি খারাপ খেলেছি। তবে তৃতীয় সেটে আমার শুরুটা একদমই ভালো হয়নি। তাই হার মানতে হলো।"
তবে একেবারে উল্টো পথে হাঁটছেন র্যাঙ্কিং শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। দিনের অন্য খেলায় তিনি ৭-৫ ও ৬-৩ গেমে ক্রোয়েশিয়ার মারিন সিলিসকে হারিয়ে চতুর্থ পর্বে ওঠেন।
মেয়েদের এককে তৃতীয় পর্ব পার হতে পারেননি মারিয়া শারাপোভা, না লি ও ভেরা জভোনারেভা।
র্যাঙ্কিংয়ের ১৩৫ নম্বর খেলোয়াড় কাজাখস্তানের জেলিনা ভোসকোবোইভা ৬-৩ ও ৭-৫ গেমে হারান রাশিয়ার শারাপোভাকে।
ফ্রেন্স ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন চীনের না লিকে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুর। ৬-২ ও ৬-৪ গেমে হারান লিকে।
আগনিয়েস্কা রাদওয়ানেস্কা ৬-৪ ও ৭-৬ গেমে জেতেন রাশিয়ার জভোনারেভার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪২৬ ঘ.
bdnews24