টটেনহ্যাম-এভারটন খেলাটি স্থগিত
লন্ডনে দাঙ্গার কারণে টটেনহ্যাম হটস্পার ও এভাটনের খেলাটি স্থগিত করা হয়েছে।
ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে দাঙ্গার কারণে টটেনহ্যাম হটস্পার ও এভাটনের খেলাটি স্থগিত করা হয়েছে।
খেলাটি টটেনহ্যামের হোয়াইট হার্ট লেনে স্টেডিয়ামে হওয়ার কথা ছিলো।
দাঙ্গার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) স্থগিত হওয়া এটাই প্রথম ম্যাচ। ওই সপ্তাহের অন্য ম্যাচগুলোর ভাগ্যও পুলিশের উপর নির্ভর করছে। কারণে ম্যাচ আয়োজনের আগে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হতে হবে।
১৩ অগাস্ট ইপিএল শুরু হওয়ার কথা রয়েছে।
প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড স্কুডামোরে বলেন, "পুলিশ তাদের দায়িত্ব চমৎকারভাবে পালন করেছে। কিন্তু টটেনহ্যামেই ঘটনার সূত্রপাত। যা সারা সপ্তাহ ধরে চলেছে। তাই কাউন্সিল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পর্যাপ্ত সময় পায়নি।"
"যদি কোনো সমস্যা না হয় তবে ওই সপ্তাহে সূচির অন্য নয়টি খেলা যথা সময়ে হওয়ার সম্ভাবনাই বেশি। টটেনহ্যামের বিষয়টি সত্যিই লজ্জার। তবে পুলিশ যেভাবে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে," আরো যোগ করেন তিনি।
টটেনহ্যাম কর্তৃপক্ষ দ্রুতই বাতিল হয়ে যাওয়া ম্যাচটি আয়োজন করবে বলেও জানান স্কুডামোরে।
গত সপ্তাহ জুড়েই আলোচনার বিষয় ছিলো ইপিএল যথা সময়ে শুরু করা যাবে কিনা।
গত সপ্তাতে টটেনহ্যাম থেকেই দাঙ্গার শুরু হয়। যা পরে লন্ডনসহ ইংল্যান্ডের বেশিরভাগ বড় শহরে ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৯ ঘ.
