ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগের মত পিছিয়ে যেতে পারে স্পেনের লা লিগাও। কারণ দেশটির প্রিমিয়ার ও সেকেন্ড ডিভিশনের খেলোয়াড়রা ধর্মঘটে যাচ্ছেন।
দ্যা অ্যাসোসিয়েশন অব স্প্যানিশ ফুটবলার্স (এএফই) বৃহস্পতিবার এই ঘোষণা দেয়।
২০ অগাস্ট থেকে লা লিগা শুরু হওয়ার কথা রয়েছে।
আর্থিক নিরাপত্তার দাবিতে ২০১১-১২ মৌসুমের প্রথম দুই দিন ধর্মঘট চালানোর সিদ্ধান্ত নিয়েছে এএফই ও খেলোয়াড়রা।
খেলোয়াড়দের দাবি ক্লাবে এমন একটি ফান্ড থাকতে হবে যাতে কোনো কারণে ক্লাব দেউলিয়া হয়ে গেলে ওই ফান্ড থেকে তাদের পাওনা বেতন মেটাতে পারে।
এছাড়াও এএফই এর সঙ্গে যৌথ দর কষাকষির মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছানো ছাড়া কোনো ক্লাব লিগে খেলতে পারবে না।
এএফই এর প্রধান লুই রুবিয়ালেস বৃহস্পতিবার খেলাধুলা বিষয়ক দৈনিক 'মার্কা' তে বলেন, "ধর্মঘটের সিদ্ধান্তের ব্যাপারে আমরা সর্বসম্মত ও দৃঢ়প্রতিজ্ঞ। প্রিমিয়ার ও সেকেন্ড ডিভিশনের সব খেলোয়াড়রাই আমাদের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে। নতুন কোনো চুক্তি হওয়ার পরই প্রতিযোগিতা শুরু হবে।"
"এই বিষয়ে পুরো ইউরোপ আমাদের পেছনে আছে। বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয়। আমরা বাড়তি অর্থ চাচ্ছি না, কিন্তু সম্মাণজনক চুক্তি চাই। সম-আচরণ সব খেলোয়াড়ের প্রাপ্য যতক্ষণ পর্যন্ত তারা দলের জন্য খেলছেন," খেদের সঙ্গে আরো বলেন রুবিয়ালেস।
বর্তমানে স্পেনের বেশ কয়েকটি ক্লাব আর্থিক সমস্যায় ভুগছে। এমন কি খেলোয়াড়দের বেতনও ঠিকমত দিতে পারছে না তারা।
আর্থিক জটিলতার কারণেই মালোর্কা ২০১০-১১ মৌসুমে ইউরোপা লিগে অংশ নিতে পারেনি। এছাড়া প্রথম ছয় মাসের পূর্ণ বেতন না পাওয়ায় হারকিউলিসের রয়স্টোন ড্রেন্থের ধর্মঘটে যাওয়ার বিষয়টি গত মৌসুমে খবরের শিরোনাম হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১১ ঘ.
bdnews24