২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সাংবাদিককে নিষিদ্ধে বাফুফের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দৈনিক যুগান্তরের এক জ্যেষ্ঠ প্রতিবেদককে নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 01:11 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দৈনিক যুগান্তরের এক জ্যেষ্ঠ প্রতিবেদককে নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে বাফুফের ওই সিদ্ধান্ত কেন অবৈধ ও বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে বাফুফের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। আদালতে দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মোজাম্মেল হক চঞ্চলের পক্ষে ব্যারিস্টার এ বি এম সিদ্দিকুর রহমান, বাফুফের পক্ষে অ্যাডভোকেট মাসুদ রেজা সোবহান এবং সরকার পক্ষে ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন। সিদ্দিকুর রহমান বলেন, গত ২৮ জুলাই দৈনিক যুগান্তরে মোজাম্মেল হোসেন চঞ্চলের 'তিন বছরে তিল পরিমাণ উন্নতি হয়নি ফুটবলে' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর ওইদিনই বাফুফের সব টুর্নামেন্ট, সংবাদ সম্মেলন, ভবন ও সব স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় এর কার্যনির্বাহী কমিটি। পাশাপাশি তাকে বাফুফের পক্ষ থেকে কোনো ধরণের অ্যাক্রিডিটেশন দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন চঞ্চল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/১৮৫৯ ঘ.