ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রজার্স কাপে আবারো অঘটন! এবার শিকার স্পেনের রাফায়েল নাদাল। বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের পর তিনিও প্রতিযোগিতাটির দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিতে বাধ্য হলেন।
বুধবার ক্রোয়েশিয়ার ইভান ডোডিংয়ের কাছে ১-৬, ৭-৬(৫) ও ৭-৬(৫) গেমে হারেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় নাদাল।
তবে দ্বিতীয় পর্বের বাধা ঠিকই পেরিয়ে গেছেন ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ ও তিন নম্বর খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার।
জকোভিচ ৭-৫ ও ৬-১ গেমে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ও ফেদেরার ৭-৫ ও ৬-৩ গেমে কানাডার ভাসেক পোসপিসিলকে হারিয়েছেন।
বুধবার প্রথম সেটে র্যাঙ্কিংয়ের ৪১ নম্বরে থাকা ডোডংকে দাঁড়াতেই দেননি নাদাল। ৬-১ এ ওই সেট জিতে নেন তিনি। মনে হচ্ছিলো সহজেই জিতে যাচ্ছেন নাদাল। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান ডোডং। বীরের মত নাদালের মোকাবেলা করতে থাকেন। ওই সেটটি টাইব্রেকারে জিতে নেন ওই ক্রোয়েশিয়ান। তৃতীয় সেটটিও ছিলো দ্বিতীয় সেটের পুনরাবৃত্তি। টাইব্রেকারের একসময় ৫-৫ এ সমতা ছিলো। তবে শেষ পর্যন্ত ডোডংয়ের ঘন্টায় ১৩৫ মাইল বেগে ধেয়ে আসা 'এইস্' আটকাতে ব্যর্থ হন নাদাল। সেই সঙ্গে নিজের পরাজয়ও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৪০ ঘ.
bdnews24