ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডনে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের এ মৌসুমের উদ্বোধনী দিনের খেলাগুলো হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। দাঙ্গায় বিপর্যস্ত শহরের পুলিশ বিভাগের সঙ্গে এ ব্যাপারে অবশ্য কথা-বার্তা বলছে লিগ কর্তৃপক্ষ।
খেলাগুলো হওয়ার কথা এ সপ্তাহান্তে।
দাঙ্গা ও লুটপাটের কারণে এরই মধ্যে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে প্রীতি খেলা বাতিল করা হয়েছে। খেলাটি হওয়ার কথা ছিল বুধবার লন্ডনে।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লিগের খেলাগুলো আয়োজনের জন্য লন্ডনের ক্লাব, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে লন্ডনের বাইরের খেলাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হবে। বিবৃতিতে এর বেশি আর কিছুই বলা হয়নি।
লন্ডনে শনিবার পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে নিহত হয় একজন। আহত হন বেশ কিছু সংখ্যক।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৫৩১ ঘ.
bdnews24